মহড়াকক্ষের অভাবে নাট্যচর্চা ব্যাহত
সিলেটে মহড়াকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে নাট্যচর্চা। কক্ষ না থাকায় নগরের সাহিত্য-সংস্কৃতি সংগঠনগুলোও কোনো ধরনের মহড়ায় অংশ নিতে পারছে না। এ কারণে অনেকটাই ধুঁকে ধুঁকে চলছে সংস্কৃতিকর্মীদের পথচলা। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও নগরে কোনো মহড়াকক্ষ নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংস্কৃতিকর্মীরা।
একাধিক সংস্কৃতিকর্মী জানিয়েছেন, নগরের স্টেডিয়াম মার্কেট এলাকায় অবস্থিত প্রান্তিক চত্বরকে ঘিরে ছিল সংস্কৃতিকর্মীদের আড্ডা। এখানেই নাট্যকর্মীরা তাঁদের নাটকের মহড়া চালাতেন। ২০০১ সালের শেষ দিকে জায়গা-সংক্রান্ত জটিলতায় প্রান্তিক চত্বরটি ভেঙে ফেলা হয়। এর পর থেকেই মূলত নাট্য ও সংস্কৃতিকর্মীরা মহড়াকক্ষের অভাবে ভুগতে থাকেন। বর্তমানে মহড়ার জন্য বিদ্যালয়ের কক্ষ বা বাসা ভাড়া নিতে হচ্ছে তাঁদের।
নাট্যলোক সিলেটের সহসভাপতি খোয়াজ রহিম জানান, নগরে নাট্য পরিষদের অন্তর্ভুক্ত ২১টি নাট্য সংগঠন রয়েছে। এর বাইরে আরও ছয়-সাতটি নাট্য সংগঠন এবং শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন রয়েছে। কিন্তু মহড়াকক্ষ না থাকায় নগরের সংস্কৃতিচর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একাধিক নাট্যকর্মী জানান, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ কিনব্রিজ এলাকার ঐতিহাসিক সারদা হল এলাকায় দোতলা একটি ভবন নির্মাণ করেছিল। তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ভবনটিতে সংস্কৃতি ও নাট্যকর্মীদের মহড়াকক্ষের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
নাট্যকর্মীরা জানান, ভবনটি নিির্মত হওয়ার পর সেখানে মহড়া-সুবিধা নিশ্চিত না করে সিটি করপোরেশন নিজস্ব দাপ্তরিক কাজ চালাতে থাকে। তবে প্রায় দেড় বছর আগে ভবনটির একটি কক্ষ একটি নাট্য সংগঠন এবং একটি নৃত্য সংগঠনকে মহড়ার জন্য বরাদ্দ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নাট্যকর্মী বলেন, কেবল একটি নাট্য সংগঠন মাসের পর মাস সিটি করপোরেশন নির্মিত ভবনের কক্ষটিতে মহড়া করার সুযোগ পাচ্ছে। তাই কক্ষটি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করে সেটিকে প্রতিটি সংগঠনের সমানভাবে ব্যবহার করার সুযোগ তৈরি করে দেওয়া উচিত।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘সরকারি উদ্যোগে একটি মহড়াকক্ষ নির্মাণের দাবি আমরা বারবার করে আসছি। পাশপাশি সিটি করপোরেশন নির্মিত দোতলা ভবনটি সংস্কৃতিকেন্দ্র ঘোষণা দিয়ে এখানে প্রতিটি দলের মহড়ার সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমরা দাবি জানিয়েছি। এসব বাস্তবায়ন করা হলে সিলেটের সংস্কৃতিকর্মীরা হাঁফ ছেড়ে বাঁচবেন।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, সারদা হলের পাশের দোতলা ভবনটি সিটি করপোরেশনের দাপ্তরিক কাজের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। তবে এখানে একটি কক্ষে একটি সংগঠন নিয়মিত মহড়া চালাচ্ছে। এ কক্ষে মহড়া চালানোর জন্য প্রতিটি সাংস্কৃতিক সংগঠনের সুষম ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রকৃত নাট্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো এ কক্ষে মহড়ার সুবিধা চেয়ে আবেদন করলে অবশ্যই সিটি করপোরেশন বিবেচনায় নেবে।