মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে দরপত্র ছাড়াই ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ শুরু করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছু দ্দৌজাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী বিশ্বাস স্থানীয় সহকারী জজ আদালতে গতকাল বুধবার এ মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এবং উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী। আসামিদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিচারক নার্গিস সুলতানা নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমজাদ হোসেন বলেন, উপজেলা পরিষদের সভাকক্ষ, ইউএনওর কার্যালয়কক্ষ, ডরমেটরি ভবন ইত্যাদি সংস্কারের ২০ লাখ টাকার কাজের জন্য কোনো দরপত্র আহ্বান না করে নিজস্ব ব্যবস্থাপনায় লোক নিয়োগ করা হয়েছে। উপজেলা পরিষদের এক সভায় গত ৩১ মে দরপত্র ছাড়াই এই সংস্কারকাজ করার সিদ্ধান্ত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানীর অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ওই সভায় সভাপতিত্ব করেছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের গোড়ার দিকে কাজ শুরু করা হয়।সরকারি বিধি অনুযায়ী পাঁচ লাখ টাকার বেশি ব্যয়ে কোনো সংস্কার, মেরামত বা উন্নয়নকাজ করতে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন বাধ্যতামূলক। অনৈতিক ও আইন অনুযায়ী অবৈধ ওই সিদ্ধান্তে স্বাক্ষরকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিনি অসুস্থ বলে জানা গেছে। মামলার প্রধান আসামি ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যান অসুস্থ হয়ে ঢাকায় আছেন। তবে তিনি যাওয়ার আগে এ কাজ শুরু করার পরামর্শ দিয়ে গেছেন। দরপত্র আহ্বান না করে কাজ করানোর কথা স্বীকার করে ইউএনও মোহাম্মদ সামছু দ্দৌজা প্রথম আলোকে বলেন, শেষ সময়ে বরাদ্দ আসায় দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়নি। এভাবে কাজ করার নিয়ম আছে। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।