মহম্মদপুরে গম কেনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুরে গতকাল বুধবার পুলিশের পাহারায় সরকারিভাবে গম কেনা শুরু করেছে খাদ্য বিভাগ। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের চাপের মুখে এই কার্যক্রম সাত দিন বন্ধ ছিল। এদিকে শালিখা উপজেলায়ও প্রকৃত কৃষকদের কাছ থেকে গম না কেনার অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল চারজন কৃষকের কাছ থেকে মোট ১১ মেট্রিক টন গম কিনেছে মহম্মদপুর খাদ্য বিভাগ। গতকালও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যবসায়ীদের দিয়ে ভ্যান বোঝাই করে অন্তত ১০০ মেট্রিক টন গম মহম্মদপুর খাদ্যগুদামে পাঠিয়েছিলেন। তবে সেগুলো কর্তৃপক্ষ নেয়নি। খাদ্যগুদাম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত কৃষকদের খাদ্যগুদামে গম বিক্রির জন্য এলাকায় মাইকিংও করা হচ্ছে।

মহম্মদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিষ্ণুপদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সশস্ত্র পুলিশি পাহারায় অফিস করছি। এ অবস্থায় কৃষকেরা গুদামে আসতে চাচ্ছেন না। আজ (গতকাল বুধবার) চারজন কৃষকের কাছ থেকে ১১ মেট্রিক টন গম কিনেছি। কয়েকজন ব্যবসায়ী গম নিয়ে এসেছিলেন। তাঁদের ফিরিয়ে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন, ‘প্রভাবশালী ব্যক্তিদের চাপের ‍মুখে কৃষকেরা গম নিয়ে আসতে ভয় পাচ্ছেন। তবে আমরা নিরাপত্তাসহ কৃষকদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। এ সমস্যা পুরোনো। আমরা কৃষকদের স্বার্থরক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

এদিকে শালিখায় কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার দুজন কৃষক গত মঙ্গলবার এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি খাদ্য মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে।

অভিযোগকারী দুজনের একজন শালিখার আনন্দনগর গ্রামের কৃষক মো. লিটন আলী প্রথম আলোকে বলেন, তিনি শালিখা কৃষি অফিসের একজন তালিকাভুক্ত গমচাষি। ১২ জুন তিনি ৩ টন গম নিয়ে উপজেলা খাদ্যগুদামে যান। কিন্তু তাঁর গম নেওয়া হয়নি। সুনির্দিষ্ট কিছু ব্যবসায়ী ছাড়া গম নেওয়া সম্ভব নয় বলেও তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়।

উপজেলার কৃষকেরা বলছেন, শালিখায় পাঁচ-ছয়জন ব্যবসায়ী আছেন, যাঁদের কাছ থেকেই গম কেনা হয়। তাঁদের পেছনে রয়েছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। ঘুরেফিরে ওই ব্যবসায়ীদের কাছ থেকেই গম কেনে উপজেলা খাদ্যগুদাম। উপজেলার প্রকৃত একজন গমচাষির কাছ থেকেও গম কেনা হচ্ছে না।

অভিযোগকারী আরেক কৃষক শালিখার হাজরাহাটি গ্রামের মো. শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি কৃষি অফিস থেকে গমচাষির স্লিপ নিয়ে ৮ জুন উপজেলা খাদ্যগুদামে গেছি। কিন্তু তারা আমার গম নেয়নি। গত চার দিনে সাতবার ঘুরেছি, তারপরও গম দিতে পারিনি। আমাকে ফিরিয়ে দিয়েছে।’

তবে শালিখা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মিনা খানম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। গুদামরক্ষকের কাছ থেকে জেনে আপনাকে পরে জানাব।’

খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে মাগুরায় মোট ২ হাজার ৮৫৪ মেট্রিক টন গম কেনা হবে। সরাসরি কৃষকের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। বর্তমানে খোলাবাজারে গম বিক্রি হচ্ছে ২১-২২ টাকা দরে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন কম দিতে পারবেন। আগামী ৩০ জুন গম সংগ্রহ অভিযান শেষ হবে।

জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম বলেন, ‘আমরা প্রকৃত কৃষকের কাছ থেকে গম কিনতে চাচ্ছি। এ জন্য মহা ঝক্কি-ঝামেলা পোহাতে হচ্ছে। প্রবল চাপ। ক্ষমতাসীনদের সহযোগিতায় একটি ব্যবসায়ী চক্র দীর্ঘদিন কৃষকদের বঞ্চিত করে আসছে। এটা ভাঙা খুব মুশকিল।’