মহম্মদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে গত শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজের দরদাম করা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে পেঁয়াজের দরদাম করা নিয়ে আউনাড়া বাজারে আউনাড়া ও মাইজকান্দি গ্রামের দুই ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় আউনাড়া বাজার এলাকায় মাইজকান্দি গ্রামের সাইদ মোল্লা ও আউনাড়া গ্রামের লুৎফর সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষই দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন হন। এ সময় দুটি দোকান ভাঙচুর হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের একপর্যায়ে পুলিশ এসে ১২টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে হাসান হোসেন, সুজন মিয়া, শাহাদত হোসেন, আফসার উদ্দিন, হাবিুবুর রহমান, মো. হাসানুজ্জামান, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবু হানিফ, মো. পারভেজ, আবদুর রাজ্জাক ও চাঁদ মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।