মহল্লায় মহল্লায় শুরু হয়েছে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশি ফুঁ দিয়ে এক মহল্লায় পাহারায় নিয়োজিত ব্যক্তিরা জানান দিচ্ছেন, তাঁরা তৎপর। কেউ আসতে পারবে না তাঁদের এলাকায়। চোর-ডাকাতের পাশাপাশি জঙ্গিদেরও সাহস হবে না এই পাহারা ভেদ করে এলাকায় প্রবেশ করা। ঠিক তেমনি আরেক মহল্লায় যাঁরা আছেন, তাঁরাও অপর মহল্লার বাঁশির শব্দ পেয়ে বাঁশি বাজিয়ে তৎপরতাও প্রকাশ করছেন।
এভাবেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের মহল্লায় মহল্লায় শুরু হয়েছে স্থানীয় মানুষের পাহারা। পুলিশ প্রশাসনের সহযোগিতায় গঠন করা হয়েছে ভিলেজ ডিফেন্স পার্টি। তারা উৎসাহ দিচ্ছে গ্রামবাসীকে। বেশি বেশি উৎসাহ দিতে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে লাঠি, বাঁশি আর টর্চলাইট। সঙ্গে আছে পরিচয়পত্র। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের যৌথ স্বাক্ষরে এই পরিচয়পত্র দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদে বেশ কিছু গ্রামবাসীর মাঝে লাঠি, বাঁশি ও লাইট তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওসির প্রতিনিধি কালীগঞ্জ থানার এসআই ইমরান হোসেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াস হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল দত্ত, যুবলীগ সভাপতি লিয়াকত আলী খান, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৬০টি টর্চলাইট, বাঁশি ও লাঠি বিতরণ করা হয়েছে।
ওই ইউনিয়নের আইনশৃঙ্খলা ভালো রাখার দায়িত্বে নিয়োজিত কালীগঞ্জ থানার এসআই লিটন কুমার বিশ্বাস জানান, ইতিমধ্যে গোটা ইউনিয়নে পাহারা চলছে। এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাঁদের আরও বেশি উৎসাহ দিতে পরিচয়পত্র, লাঠি, বাঁশি ও টর্চলাইট বিতরণ করা হয়েছে। উপজেলার সবগুলো ইউনিয়নে যাঁরা পাহারার কাজে নিয়োজিত থাকবেন, তাঁদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে। এ ছাড়া পাহারায় নিয়োজিত ব্যক্তিরা যেকোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারবেন এমন ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয় ইউপির সদস্য তহিদুল ইসলাম জানান, মানুষ স্ব-ইচ্ছায় এগিয়ে আসছেন এই কাজে। এখন তাঁদের এলাকার গ্রামগুলোতে চোর-ডাকাত প্রবেশ করা অসম্ভব। সেই সঙ্গে অপরিচিত কাউকে দেখলে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফলে জঙ্গি কর্মকাণ্ডে যারা জড়িত, তারাও এই এলাকায় প্রবেশ করতে পারবে না।