মহশেখালীতে ডাকাতদের দুই পক্ষে সংঘর্ষ, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় লুট করা টাকার ভাগাভাগি নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষের পর পুলিশ চারজন ডাকাতকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে। ধরা পড়ার কয়েক ঘণ্টা আগে তারা চারজন ট্যাক্সি আরোহীকে বেদম মারধর করে তাঁদের মুঠোফোন সেট ও সাড়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এলাকাবাসী ও আটক ডাকাতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, গত সোমবার দিবাগত রাতে বড় মহেশখালী ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা আনসার উল্লাহ, মোহাম্মদ রশিদ, আবু তাহের ও জয়নাল আবেদীন শাপলাপুর থেকে ট্যাক্সিতে চড়ে বাড়ি ফিরছিলেন। শাপলাপুর ইউনিয়নের জামাই ধরনির ঢালে এসে পৌঁছালে মোহাম্মদ রফিকের নেতৃত্বে একদল ডাকাত তাঁদের গতিরোধ করে। অস্ত্রের মুখে তারা ওই চারজনকে মারধর করে তাঁদের সঙ্গে থাকা চারটি মুঠোফোন সেট ও নগদ সাড়ে ১২ হাজার টাকা লুট করে নেয়।মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটক ডাকাতদের স্বীকারোক্তিতে তাঁরা জেনেছেন, লুট করার পর রফিক তার ডাকাত দলের সদস্যদের নিয়ে ছোট মহেশখালী ইউনিয়নের পাহাড়ি এলাকায় পৌঁছালে করিম উদ্দিন নামের এক ব্যক্তির নেতৃত্বাধীন আরেকটি ডাকাত দল তাদের কাছে লুট করা টাকার ভাগ চায়। রফিক বাহিনী ভাগ দিতে অস্বীকার করলে করিম বাহিনী তাদের ওপর হামলা চালায়। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় শুরু হয়। এ সময় করিম বাহিনীর ছোড়া গুলিতে অপর দলের সদস্য ইসমাইল হোসেনসহ (২৫) আহত হয় আরও পাঁচজন।ডাকাতদের দুই পক্ষের গুলিবিনিময়ে এলাকাবাসী জেগে ওঠে। সংঘর্ষের পর রফিক বাহিনীর সদস্যরা ভোররাতে ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল এলাকায় জড়ো হলে এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়। সেখান থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তারা হলো: মোহাম্মদ রফিক (২৫), সাকের উল্লাহ (২৪), মোহাম্মদ জুনায়েদ (২০) ও দেলোয়ার হোসেন (২৫)। পুলিশ তাদের কাছ থেকে লুট করা দুটি মুঠোফোন উদ্ধার করে। গুলিবিদ্ধ ইসমাইলকে আটক করা যায়নি।গতকাল রাত আটটায় ডাকাতির শিকার মোহাম্মদ আনসার উল্লাহ বাদী হয়ে মোহাম্মদ রফিককে আসামি করে নয়জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেছেন।