মহসিন আলী ও সরকারের হয়ে ইনুর দুঃখপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রীর অশালীন বক্তব্যের জন্য সরকার এবং ওই মন্ত্রীর হয়ে দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সম্প্রচার নীতিমালা বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইনু এ দুঃখ প্রকাশ করেন।

সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রীর অশালীন বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তথ্যমন্ত্রী আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা ওনার (মহসিন আলী) ব্যক্তিগত বক্তব্য। এটা সরকারের ভাষ্য নয়। উনি ওনার বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আবারও সরকার এবং মন্ত্রীর পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।’

গত শনিবার সিলেটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী উপস্থিত সাংবাদিকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে বলেন, ‘এরা সবটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব তোমরা (সাংবাদিকেরা) কতটুকু যেতে পার!’

মন্ত্রীর ওই বক্তব্যের পর সাংবাদিকসহ নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিকদের চারটি ইউনিয়নই গতকাল রোববার পৃথকভাবে এ ধরনের বক্তব্য দেওয়ায় সমাজকল্যাণমন্ত্রীর কঠোর সমালোচনা করেছে। অনেকেই মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে সরিয়ে ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে অবশ্য মন্ত্রী বিবৃতি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বিবৃতিতে বলেন, সাংবাদিকদের সম্পর্কে তিনি যেসব মন্তব্য করেছেন তা গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ায় তিনি ‘কষ্ট বোধ’ করছেন।