মহসিন আলী ছিলেন দুস্থ মানুষের সেবায় নিবেদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, সৈয়দ মহসিন আলী শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি দুস্থ মানুষের সেবায় ছিলেন নিবেদিতপ্রাণ।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গতকাল রোববার জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় সংসদ নেতা এ কথা বলেন।
সৈয়দ মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুতে গতকাল সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত হয়।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘মহসিন আলী সব সময় ভাবতেন, কীভাবে দুস্থ ও অসুস্থ মানুষের সেবা করা যায়। ভাবতেন কীভাবে চা-শ্রমিকদের উন্নয়ন ঘটানো যায়। সে জন্যই তাঁকে আমি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিই। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
মুক্তিযুদ্ধের অন্যতম একজন যোদ্ধা ও সংগঠক মহসিন আলীর সংগীতের প্রতি গভীর ভালোবাসা ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁর আচরণে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। আমার কাছে নালিশ করেছেন, তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন। কিন্তু অন্যান্যের চেয়ে আমি তাঁকে ভালো চিনতাম। বেঁচে থাকলে আরও অনেক কাজ করতে পারতেন। সাংবাদিকেরা তাঁকে নিয়ে যা লিখেছিল, তার ভেতরের ঘটনা কেউ জানে না। তাঁর কাছে শুনেছি, একজন সাংবাদিক আমাকে নিয়ে টিপ্পনী কেটেছিল। সেটা মহসিন আলীর কানে যায়। বিষয়টি তিনি সহ্য করতে পারেননি, জবাব দিয়েছেন। তাঁর কথা সবাই শুনেছেন, কিন্তু সাংবাদিকের টিপ্পনী কেউ শোনেননি। তিনি ছিলেন সাদা ও খোলা মনের মানুষ।’