মহসিন আলীর আসনে তাঁর স্ত্রী সায়রাকে মনোনয়ন
সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনে তাঁর স্ত্রী সায়রা মহসিন মনোনয়ন পেয়েছেন। আজ রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্যাহ, আলাউদ্দিন আহমেদ, রাশিদুল আলম প্রমুখ।
সভাসূত্র জানায়, সভায় ২৫ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দেন। এঁদের মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ফরাসাত আলী প্রমুখ।
সভাসূত্র জানায়, সভায় স্থানীয় সরকারে দলীয়ভাবে নির্বাচন নিয়ে বৈঠকে কিছু আলোচনা হয়। পৌরসভার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হবে। এ ছাড়া দলীয় মনোনয়ন পদ্ধতি নিয়েও আলোচনা হয়। তবে তা চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে।
মৌলভীবাজার-৩ উপনির্বাচনে আগামী ৮ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ২২ নভেম্বর। গত ১৪ সেপ্টেম্বর মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।