মহসিন আলীর দাফন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহসিন আলী
মহসিন আলী

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে আজ বুধবার মৌলভীবাজারে দাফন করা হবে। গতকাল মঙ্গলবার রাতে তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বিমানযোগে গতকাল রাত সাড়ে ১০টায় সৈয়দ মহসিন আলীর মরদেহ ঢাকায় আসার পর মন্ত্রীর মিন্টু রোডের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর মরদেহ নিয়ে গিয়ে রাখা হবে বারডেম হাসপাতালের হিমাগারে। সব শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি আজ সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ এবং সাংসদেরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় মরদেহটি নিয়ে একটি হেলিকপ্টার মৌলভীবাজারের উদ্দেশে রওনা হবে। বেলা একটার দিকে মরদেহ মন্ত্রীর মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার বাসভবনে পৌঁছাবে। এরপর জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত মরদেহ রাখা হবে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। বাদ আসর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মহসিন আলীকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফার (র.) মাজার-সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় মারা যান। গত ৩ সেপ্টেম্বর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
এদিকে গতকাল মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে সৈয়দ মহসিন আলী স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।