মহসীন আলীর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফার (র.) মাজার-সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে মহসীন আলীর মরদেহ বহনকারী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে মন্ত্রীর পরিবারের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতারা মরদেহ গ্রহণ করেন। দুপুর একটার দিকে মরদেহ মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার বাসভবনে নেওয়া হয়। এ সময় মরহুমের আত্মীয়স্বজন এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
বেলা সোয়া দুইটা পর্যন্ত মরদেহ বাড়িতে রাখা হয়। সেখানে পরিবারের সদস্য ও পারিবারিকভাবে ঘনিষ্ঠজন মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বেলা আড়াইটার দিকে মরদেহ মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজন মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মন্ত্রীর ছোট ভাই সৈয়দ মুশতাক আলী। বিকেল চারটার দিকে সর্বশেষ জানাজা মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মন্ত্রীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতা ও সব স্তরের হাজারো মানুষ শরিক হন। পরে এই মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং বিরোধী দলীয় নেতার পক্ষে জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান প্রমুখ মহসীন আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
গত সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী ইন্তেকাল করেন।