মহা আয়োজনকে ঘিরে সরগরম শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি শিল্পীদের কাজ আর ছোটাছুটিতে দিনভর সরগরম সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বর। এখানেই আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া শিল্পকর্মের মহা আয়োজন ঢাকা আর্ট সামিট ২০১৬। তারই প্রস্তুতি চলছে একাডেমির জাতীয় চিত্রশালার প্রতিটি তলায়।
কী থাকছে এবারের ঢাকা আর্ট সামিটে? গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তা পরিষ্কার করলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা নাদিয়া সামদানী। বললেন, সারা বিশ্বেই ঢাকা আর্ট সামিট এখন শিল্পকর্মবিষয়ক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে উঠেছে। গতবার ৭০ হাজারের বেশি দর্শক এসেছিলেন। এবার আশা করছেন দেড় লাখের বেশি দর্শক আসবেন। তিনি জানান, দর্শক আগ্রহের কথা মাথায় রেখে অনুষ্ঠানের সময় বাড়িয়ে চার দিন করা হয়েছে। দর্শক ঢুকতে কোনো টিকিট লাগবে না।
সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং এবারের আর্ট সামিটের অন্যতম উপদেষ্টা রাজীব সামদানী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, এবারই প্রথম স্থপতিদের যুক্ত করা হয়েছে ঢাকা আর্ট সামিটের সঙ্গে। বাংলাদেশের কিংবদন্তি স্থপতি মাজহারুল ইসলামকে সম্মান জানানো হবে এ শাখায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারও একজন উদীয়মান বাংলাদেশি শিল্পী পাবেন সামদানী আর্ট অ্যাওয়ার্ড। ভুটানের ভলান্টারি আর্টিস্ট স্টুডিওর পরিচালনায় থাকবে শিশুদের জন্য কর্মশালা। থাকবে ক্রিটিক্যাল রাইটিং নিয়ে কর্মশালাও। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্যালারি চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক শিল্পী মনিরুজ্জামান এবং ঢাকা আর্ট সামিটের টাইটেল স্পনসর গোল্ডেন হারভেস্টের চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই।
এবারের সামিটে দেশ-বিদেশের তিন শতাধিক শিল্পী ও সংগ্রাহক অংশ নেবেন। আগামীকাল সকাল ১০টায় ঢাকা আর্ট সামিটের উদ্বোধন হবে।