পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চরে গতকাল রোববার প্রায় ছয় হাজার রোভার স্কাউট সদস্য দুঃসাহসিক নানা চ্যালেঞ্জিং কর্মসূচিতে অংশ নেয়। আজ সোমবার রাতে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হচ্ছে স্কাউটসের এই মহামিলনমেলা। জাতীয় স্কাউট কমিশনার (কর্মসূচি) ও মুট উপপ্রধান মেসবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সাফল্যের সঙ্গে রোভার মুট ও কমডেকার কার্যক্রম চলছে। কাল সোমবার (আজ) মহা তাঁবু জলসার মধ্য দিয়ে এই মুটের শেষ হবে।ভিলেজ ভাওয়ালের প্রায় এক হাজার সদস্য গতকাল স্কুল প্রোগ্রামিং ও হাইকিংয়ে অংশ নেয়। মধুপুর ভিলেজের সদস্যরা নেচার অ্যান্ড লাইফ চ্যালেঞ্জের অংশ হিসেবে পরিদর্শন করে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট, চা-বাগান ও ঐতিহাসিক মহারাজার দিঘি। ভিলেজ লাউয়াছড়া ভিলেজের সদস্যরা গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ ও অসম্ভব চ্যালেঞ্জে অংশ নেয়। ফাতরাবন ভিলেজের সদস্যরা অংশ নেয় অদম্য স্কাউট এবং ফান অ্যান্ড গেম চ্যালেঞ্জে। আর গজনী ভিলেজের সদস্যরা গ্রামসেবা, হাইকিং ও ইয়ুথ অ্যান্ড ইয়ুথ চ্যালেঞ্জে অংশ নেয়। বিকেলে ইয়ুথ অ্যান্ড ইয়ুথ চ্যালেঞ্জের অধীন ইয়ুথ পার্লামেন্টে অনুষ্ঠিত হয় রোভার স্কাউট সদস্যদের প্রাণবন্ত আলোচনা।অন্যান্য দিনের মতো গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজের ভাষাসৈনিক মোহামঞ্চদ সুলতান মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রামবাংলার লোকজ গান পরিবেশন করা হয়।এ ছাড়া শনিবার রাতে ভিলেজভিত্তিক তাঁবু জলসা অনুষ্ঠানে অংশ নেয় রোভার ও স্কাউট সদস্যরা। তারা নেচে-গেয়ে, অভিনয় ও মূকাভিনয়ের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরে। গভীর রাত পর্যন্ত চলে এ কর্মসূচি। রোভার-স্কাউটদের পাশাপাশি আশপাশের শত শত নারী-পুরুষ ও শিশু অনুষ্ঠান উপভোগ করে।আজ রাতের মহা তাঁবু জলসার অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের প্রধান অতিথি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার সচিব ও মুট সভাপতি আবু আলম মো. শহিদ খান।