মহা তাঁবু জলসায় ভাঙল স্কাউটসের মিলনমেলা
মহা তাঁবু জলসা মানে মহা আনন্দ আর উল্লাস, অন্যদিকে বিদায়ের আনুষ্ঠানিকতাও। আগের রাতেই তাঁবুতে তাঁবুতে, ক্যাম্পে ক্যাম্পে সেই বিদায়ের সুর বেজে ওঠে। অনেক স্কাউট কান্নায় ভেঙে পড়ে, চলে পরস্পরের মধ্যে ঠিকানা ও মুঠোফোন নম্বর চালাচালি। গতকাল সোমবার রাতে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হলো এবারের দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকা।‘শান্তি ও উন্নয়নে স্কাউটিং’ স্লোগানে গত ২৯ জানুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চরে স্কাউটস সদস্যদের এ আসর শুরু হয়। এতে সারা দেশ থেকে ৬৩৯টি ইউনিট অংশ নেয়। রোভারের ৩৪৪টি ও স্কাউটের ২৯৫টি ইউনিটের মধ্যে মেয়েদের ইউনিটই ছিল ১২০টি।মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন জাতীয় স্কাউট কমিশনার (কর্মসূচি) মুট উপপ্রধান মেসবাহ উদ্দিন ভূঁইয়া। মেসবাহ উদ্দিন ভূঁইয়া জানান, এবারের আসরে শিক্ষনীয় ১৩টি চ্যালেঞ্জ উপস্থাপন করা হয়। এতে দেশি-বিদেশি স্কাউট, রোভার স্কাউট, কর্মকর্তাসহ প্রায় সাত হাজার ব্যক্তি অংশ নেন। গতকাল শেষ দিনেও ভাওয়াল ভিলেজের সদস্যরা গ্রাম ও হাইকিং, মধুপুর ভিলেজের সদস্যরা স্কুল প্রোগ্রামিং, লাউয়াছড়া ভিলেজের সদস্যরা নেচার অ্যান্ড লাইফ, ভাতরা বন ভিলেজের সদস্যরা গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ এবং গজনী ভিলেজের সদস্যরা অদম্য স্কাউট ও ক্যারিয়ার প্ল্যানিং চ্যালেঞ্জে অংশ নেন। ভাওয়াল ও মধুপুর ভিলেজের সদস্যরা ক্যারিয়ার প্ল্যানিং চ্যালেঞ্জেও অংশ নেয়। বিকেলে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত বিতর্ক।