মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানী নিয়োগ দিতে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগের বিধান রেখে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল ২০১৬ গতকাল মঙ্গলবার সংসদে উত্থাপিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বর্তমান আইনে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান ও তিনজন সার্বক্ষণিক সদস্য রয়েছেন।

প্রস্তাবিত আইনে চারজন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে। বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করতে আইনটির সংশোধন করা প্রয়োজন।

এ ছাড়া নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ সংসদে উত্থাপন করা হয়। বিলটি উত্থাপন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।