দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনার আনুষ্ঠানিক চুক্তি করেছে সরকার।
মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ২১৯ কোটি টাকায় কেনা হয়েছে এ স্লট। এখানেই উড়বে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ইন্টারস্পুটনিকের মধ্যে এ চুক্তি সই হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের উপস্থিতিতে সংস্থাটির কমিশনার এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুল আলম ও ইন্টারস্পুটনিকের মহাপরিচালক ভাদিম বেলভ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুসারে প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য অরবিটাল স্লট কেনা হচ্ছে। তবে ১৫ বছর করে আরও দুবার চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন, এ চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের বড় একটি অগ্রগতি হলো। এর পরের কাজগুলোর মধ্যে রয়েছে স্যাটেলাইটের মূল অংশ তৈরি, উৎক্ষেপণ, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন নির্মাণ ও বিমার কাজ। তিনি জানান, কক্ষপথে মালিকানা প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউর নিয়ম অনুসারে ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে। তবে ২০১৭ সালের মধ্যেই মহাকাশে স্যাটেলাইট ওড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে স্যাটেলাইট তৈরির জন্য ফেব্রুয়ারি মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।
স্যাটেলাইট উৎক্ষেপণে পরামর্শক সেবা গ্রহণের জন্য ২০১২ সালের জানুয়ারিতে ‘প্রিপারেটরি ফাংশন অ্যান্ড সুপারভিশন ইন লঞ্চিং এ কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে বিটিআরসিকে দায়িত্ব দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উপগ্রহের নকশা তৈরি করছে। বাজার মূল্যায়ন, বাজারজাতকরণ, কাঠামো তৈরি ইত্যাদি বিষয়ে সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙামাটির বেতবুনিয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব জমিতে দুটি গ্রাউন্ড স্টেশন বসবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। বাকি টাকা দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে (বিডার্স মানি) সংগ্রহ করা হবে।