
রিখটার স্কেলে পাঁচ মাত্রার ঝাঁকুনিতে পায়ের নিচে মাটি কাঁপছে। কাঁপছে সামনের তাকে রাখা বই, ফুলদানি। কিন্তু বাকি সব স্থির; ঠিকঠাক!
সুইচ টিপে দুই থেকে পাঁচ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভবের এই সুযোগ পাওয়া যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে। এখানকার ‘ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারি’তে আরও ২৯টি প্রদর্শনসামগ্রীর সঙ্গে কৃত্রিম ভূকম্পন অনুভবের এই যন্ত্রটিও আছে।
বিজ্ঞানের মজার মজার কলাকৌশল নিয়ে এ প্রদর্শনী গ্যালারিতে জায়গা পেয়েছে ‘তার ছাড়া বীণা’, যেখানে সংবেদনশীল আলোর বিন্দুর কাছাকাছি বীণা বাজানোর ভঙ্গিতে আঙুল নাড়াচাড়া করলেই টুংটাং সুর বাজে। আছে ‘ম্যাজিক ভিশন’, তাতে আলোর প্রতিফলনের সূত্র ব্যবহার করে দৃষ্টিভ্রম সৃষ্টি করা হয়। এ ছাড়া ‘মিরর গেম’, ‘টর্নেডো সিস্টেম’, ‘এলিয়েন সিস্টেম’সহ আরও নানা ধরনের চমকপ্রদ যন্ত্র আছে এই গ্যালারিতে।
রাজধানীর বিজয় সরণি এলাকায় ২০০৪ সালে চালু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে মহাকাশ আর বিজ্ঞানের নানা তথ্য, সূত্র ও কার্যকারণ মজার খেলায় বা চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করা হয়। প্রতিদিন কয়েক ধরনের প্রদর্শনী ও রাইডের মাধ্যমে দর্শনার্থীরা বিনোদনের মাধ্যমে বিজ্ঞানের নানা দিক সম্পর্কে জানার সুযোগ পান।
নভোথিয়েটারের প্রদর্শনীর তালিকায় রয়েছে সৌরজগতের নানা বিষয় নিয়ে পাঁচটি ‘প্ল্যানেট শো’। আছে ফাইভ-ডি ‘ইন্টারেকটিভ এডুটেইনমেন্ট সিমুলেটর’ এবং ফাইভ-ডি ‘মুভি থিয়েটার’, যেখানে পর্দার দেখানো ছবির সঙ্গে মিল রেখে ধোঁয়া, বাতাস, আলোর কারসাজি আর ‘মোশন চেয়ার’-এর মাধ্যমে দর্শকের মধ্যে সশরীরে ওই জায়গাটিতে উপস্থিত থাকার অনুভূতি তৈরি করা হয়। আর আছে ‘ক্যাপসুল রাইড সিমুলেটর’, যেটিতে চড়ে দর্শনার্থীরা রোলার কোস্টার ভ্রমণের অনুভূতি পেতে পারেন।
তবে এগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ‘প্ল্যানেট শো’। নভোথিয়েটারের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম সরকার বলেন, এটি তাঁদের সবচেয়ে জনপ্রিয় আয়োজন।
এই প্রদর্শনীকক্ষে মাথার ওপর অর্ধগোলাকার গম্বুজাকৃতির পর্দায় জ্বলজ্বলে লক্ষ-কোটি নক্ষত্র আর ছায়াপথের ছবি বহুদূরের মহাকাশকেও কাছে নিয়ে আসে। ব্ল্যাকহোল, মহাকাশে প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ, তারাদের সৃষ্টি-আবর্তনকাল, সফল মহাকাশ অভিযান ও সৌরজগতের গ্রহগুলোর পরিচিতি নিয়ে প্রতিদিন পাঁচটি করে প্রদর্শনী হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সাপ্তাহিক বন্ধ বুধবার। শনি, রবি, সোম ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি বিষয়ের ওপর ৩০ মিনিটের ‘প্ল্যানেট শো’ হয়। আর শুক্রবারের শো শুরু হয় সকাল ১০টা থেকে। প্রতিটি শোর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি ৩০ মিনিটের ডিজিটাল ফিল্ম দেখানো হয়।
প্ল্যানেট শোর টিকিটের দাম ১০০ টাকা। আর বাদবাকি আয়োজনের টিকিট ৫০ টাকা। এ ছাড়া নভোথিয়েটারে স্থাপিত পরমাণু শক্তি তথ্যকেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত।