আকবর হোসেন বনানী যাবেন। মহাখালী উড়ালসড়কের মুখে সড়ক বিভাজকের ওপর দাঁড়িয়ে আছেন। ভুঁইয়া পরিবহনের একটি বাস এসে থামতেই উঠে পড়েন তিনি। এটি কোনো বাসস্টপেজ নয়। তবু এখানে রাস্তার মাঝে বাস থামানো হচ্ছে এবং মানুষ ঝুঁকি নিয়ে সেই বাসে উঠছেন। এতে করে যানজট লেগে যাচ্ছে মহাখালী উড়ালসড়কের মুখে।
গত দুই দিন গিয়ে দেখা যায়, ভুঁইয়া, ভিআইপি, ঢাকা, গ্রামীণ, বেঙ্গল মোটরসসহ বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস নিয়মিত চলছে। প্রতিটি বাসই উড়ালসড়কের মুখে থামছে এবং যাত্রী ওঠাচ্ছে। বাসগুলো এলোপাতাড়িভাবে দাঁড়ানোয় পেছনে একই পথের অন্যান্য গাড়িকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রী ওঠা–নামা করার সময়েও পাশ দিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি যায়। এতে যেকোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে।
রাস্তার মাঝে বাসে ওঠা প্রসঙ্গে যাত্রী আকবর হোসেন বলেন, ‘সব জায়গায়ই তো ওঠায়। এইটা তো নতুন কিছু না।’ মোহাম্মদপুর থেকে সাত্তার মিয়া পরিবার নিয়ে এসেছেন। মহাখালী ডিওএইচএসে যাবেন। উড়ালসড়কের মুখে মাঝ সড়কে নেমেছেন। চার বছরের ছেলে সুমনের হাত ধরে এক কদম এগিয়েই আবার পিছিয়ে যান। বেশ কয়েকবার চেষ্টার পর তাঁরা পার হন। এত ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে কেন নেমেছেন জানতে চাইলে বলেন, ‘হেল্পাররে কইছি মহাখালী নামাইয়া দিতে। হেরা এইহানে নামাইছে।’
ভিআইপি পরিবহনের একটি বাসের সহকারীকে রাস্তায় থামা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দেননি।
এখানে পথচারী পারাপারের জন্য একটি সাইনবোর্ড দেওয়া আছে। কিন্তু যানগুলোর গতি বেশি হওয়ায় পথচারীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এই জায়গায় কোনো ট্রাফিক পুলিশও নেই।
এ সড়কেই জাহাঙ্গীর গেটের কাছে তিন রাস্তার মোড়। সেখানে স্বাধীনতা টাওয়ারের সামনেও বাস থামছে। যাত্রী ওঠা–নামা করছে। কিন্তু এটিও কোনো বাসস্টপেজ নয়। কাছেই ট্রাফিক পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে। এভাবে বাস থামানো এবং যাত্রী ওঠা–নামা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।
ব্যস্ত সড়কের মাঝে বাস থামানো প্রসঙ্গে সেখানে কর্তব্যরত সার্জেন্ট মো. ইমরান বলেন, কিছু যাত্রী নামিয়ে থাকতে পারে। ওঠানোর তো কথা না। গত দুই দিনে এই অবস্থা দেখা গেছে জানালে তিনি বলেন, নতুন করে মনে হয় শুরু হয়েছে। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।