মহাখালী খালে অভিযান ৫৫টি স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামচন্দ্রপুর ও কল্যাণপুর খাল অবৈধ দখল থেকে মুক্ত করার পর এবার ঢাকা ওয়াসা মহাখালী খাল উদ্ধার অভিযানে নেমেছে। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পরিচালিত ওই খাল উদ্ধার অভিযানে ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ২৫টি সেমিপাকা, বাকিগুলো বস্তি ও টংঘর।মহাখালী বাসস্ট্যান্ডের কাছ থেকে রেলওয়ে কালভার্ট পর্যন্ত খালের ৬৪৪ মিটার অংশ এবং ১৫৩ মিটার বক্স কালভার্টের জায়গা দখল ও ভরাট করে এই অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা ছিল মেট্রোপলিটন হাসপাতালের কিছু চিকিৎসকের তৈরি। খালের জায়গায় স্থাপনা নির্মাণ করে চেম্বার সাজিয়েছিলেন তাঁরা। গতকাল যখন ওয়াসা এসব স্থাপনা ভাঙার কাজ শুরু করে, তখন হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এসে আপত্তি জানান। অভিযানকারী দলকে তাঁরা বোঝানোর চেষ্টা করেন যে নিজস্ব উদ্যোগে শিগগির এসব স্থাপনা সরিয়ে নেওয়া হবে। তবে তাঁদের কথায় কান দেয়নি অভিযানকারী দল। আমান ফিলিং স্টেশন নামের একটি স্থাপনার খালের মধ্যে পড়া অংশ ভাঙতে গেলে সেখানকার লোকজন প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে সরে যান। গতকালের অভিযান পরিচালনা করেন ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম কাজী ওয়াছিউদ্দিন ও নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম।