মহাখালী টার্মিনালে সচেতনতামূলক প্রচারপত্র পুলিশের
অজ্ঞান ও মলম পার্টির হাত থেকে বাঁচতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এসব প্রচারপত্র বিতরণ করা হয়। প্রচারপত্রে অজ্ঞান ও মলম পার্টির কবল থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ রয়েছে। এর আগে এ নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা।
ডিএমপির উত্তর বিভাগের ট্রাফিকের উপকমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকদের বলেন, যাত্রীদের অজ্ঞান ও মলম পার্টির হাত থেকে রক্ষার ব্যাপারে মাইকে প্রচার চালাতে হবে, যাতে যাত্রীরা এসব শুনতে পান। টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে যাওয়ার আগে বাসের তত্ত্বাবধানকারী যাত্রীদের এসব তথ্য জানাবেন।
ঢাকা জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, মহাখালী বাস টার্মিনাল ক্লোজড সার্কিট (সিসি) টিভির আওতায় রয়েছে। এতে যেকোনো ধরনের অপরাধীকে শনাক্ত করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির উত্তর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হুমায়রা পারভিন, জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আবু ইউছুফ, সহকারী পুলিশ কমিশনার মাহ্বুর রহমান। এতে ঢাকা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ পরিবহন মালিকেরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রথম আলোকে বলেন, সভায় তিনি পরিবহন মালিকদের বলেছেন টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে তত্ত্বাবধানকারীকে (সুপারভাইজার) যাত্রীদের উদ্দেশে বলতে হবে অপরিচিত কারও দেওয়া খাবার কোনো যাত্রী যেন না খান। গাড়ি ছাড়ার পর যাত্রীর খেয়াল রাখতে হবে যাতে ব্যাগে থাকা খাবারে কেউ কিছু মিশিয়ে না দেন।
এর আগে গত বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নিয়ে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য রোধে অভিযান ও সচেতনতা বাড়াতে নির্দেশ দেন।