মহাখালী রেলক্রসিংয়ে নয় ঘণ্টায় কাটা পড়লেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে একই জায়গায় মাত্র নয় ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। তাঁরা হলেন সোহরাব হোসেন (৬৩) ও সালাউদ্দিন আহমেদ (২৪)।

তাঁদের মধ্যে সোহবার হোসেন আজ শনিবার ভোর পাঁচটার দিকে মারা যান। এর আগে গতকাল শুক্রবার রাত আটটার দিকে প্রাণ হারান সালাউদ্দিন আহমেদ।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা প্রথম আলোকে বলেন, ভোরে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন সোহরাব হোসেন। তিনি গুলশান-২ এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তেজগাঁওয়ে আড়জতপাড়ায় ছেলে শাহিন হোসেনের সঙ্গে থাকতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, সোহবার হোসেনের চোখে একটু সমস্যা ছিল। এ জন্য চলাফেরায় অসুবিধা হতো তাঁর।

এএসআই রাশেদ রানা বলেন, অবাক হওয়ার বিষয় হলো সোহবার হোসেন যেখানে ট্রেনে কাটা পড়েন, মহাখালী রেলক্রসিংয়ের ঠিক একই জায়গায় গতকাল দ্রুতযান এক্সপ্রেসের নিচে কাটা পড়ে প্রাণ হারান সালাউদ্দিন আহমেদ। তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং পার হচ্ছিলেন। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন ডাকাডাকি করলেও সালাউদ্দিন কোনো সাড়া দেননি। দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।