মহাখালীতে অগ্নিকাণ্ডে তিনটি গাড়ি ও মালামাল ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে গতকাল শুক্রবার আগুন লেগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনের সামনে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে এনসিএল ভবনের মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে ইপিআই ভবনের সামনে একটি অকেজো জিপে আগুন লাগে। কিছুক্ষণ পর আগুন পাশের একটি পাজেরো ও একটি পিকআপে ছড়িয়ে পড়ে। আগুন পাশের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি ফর ভ্যাকসিন ভবনের তিনতলা পর্যন্ত পৌঁছায়। এতে ওই ভবনের কাচ ও মূল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর মুহম্মদ মাহবুব বলেন, ধারণা করা হচ্ছে, কেউ হয়তো সেখানে আগুন লাগাতে গিয়েছিল।