মহাখালীতে অগ্রিম টিকিট কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন বাস টার্মিনালে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অন্যান্য টার্মিনালে ক্রেতাদের ভিড় থাকলেও মহাখালীতে তার রেশ নেই। সেখানকার বাস মালিক সমিতি বলছে, অগ্রিম টিকিট বিক্রির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিছু কিছু কাউন্টারে চলছে টিকিটের আগাম বিক্রি।
মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস চললেও অগ্রিম টিকিটের বাস চলে হাতে গোনা কয়েকটি রুটে। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. মানিক মিয়া জানান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, ফেনী, কক্সবাজার ও রংপুর রুটে অগ্রিম টিকিট দেওয়া হয়। তবে এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি। তাঁর দাবি, এ কারণে টিকিট বিক্রি শুরু হয়নি।
ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী একতা ট্রান্সপোর্টের সুপারভাইজার আলতাফ বলেন, মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত না আসায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হতে পারে বলে জানান তিনি। এসআর ট্রাভেলসে খোঁজ নিয়েও একই তথ্য জানা যায়।
অবশ্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও কিছু কিছু কাউন্টারে অগ্রিম টিকিটের বিক্রি চলছে। নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চলাচলকারী দেশ ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. গোলাম আজম বলেন, তাঁরা ৩০ জুন থেকে আগামী ৪ জুলাইয়ের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করছেন। এ ছাড়া ২৯ জুন পর্যন্ত টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে। দুর্নীতি কমাতেই অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রি করছে এনা ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেড। কাউন্টার মাস্টার জহির বলেন, ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করছেন তাঁরা। অনলাইনের পাশাপাশি আজ সোমবার সকাল থেকে কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে। টিকিটের দাম বাড়েনি বলেও নিশ্চিত করেন তিনি।
তবে ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা হলেও টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ক্রেতারা। নাখালপাড়ার বাসিন্দা মহসিন আলী চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য ৪ জুলাইয়ের টিকিট কিনতে চাইলেও অনলাইনে পাননি। কাউন্টারে এসেও এর কোনো সুরাহা হয়নি।
একই অবস্থা বেসরকারি চাকরিজীবী আবদুল মান্নানের। ৫ জুলাই নাটোর যেতে চান তিনি। কিন্তু অনলাইনে কোনো টিকিট পাচ্ছেন না। তিনি অভিযোগ করেন, অনলাইনে টিকিট কিনে ঈদের কয়েক দিন আগে তা কালোবাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। গতকাল রোববার রাত ১২টায় টিকিট ছাড়ার পরপরই তিনি কেনার চেষ্টা করেছেন। এখন কাউন্টারেও পাচ্ছেন না। তিনি প্রথম আলোকে বলেন, এখানে কেউ কেউ অগ্রিম টিকিট দিচ্ছে। দেশ ও ন্যাশনাল ট্রাভেলস বিক্রি করলেও একতা ট্রান্সপোর্ট আবার দিচ্ছে না। বলছে, বিক্রির সিদ্ধান্ত হয়নি।
অবশ্য অগ্রিম টিকিট বিক্রির জন্য ক্রেতার সংখ্যাও নগণ্য। কাউন্টার মাস্টাররা বলছেন, এবার ঈদের অনেক আগেই টিকিট ছাড়া হয়েছে। গতবার মাত্র পাঁচ দিন আগে টিকিট বিক্রি শুরু হয়েছিল। তাই হয়তো অনেকে জানেন না। তবে ২৫ জুনের পর থেকে ভিড় বাড়বে বলে আশা করছেন তাঁরা।
মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি অগ্রিম টিকিট বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত না হওয়ার কথা জানালেও এসব কাউন্টারের কর্মকর্তারা বলছেন, তাঁদের টিকিট বিক্রির অনুমতি আছে। তবে শ্রমিক ইউনিয়নের মো. মানিক মিয়া বলেন, কোনো অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। আজকে বাস মালিক, শ্রমিক ও প্রশাসনের মধ্যে সভা হবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।