মহাখালীতে কথিত ক্যানসার হাসপাতাল সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ঢুকতেই হাতের বাঁয়ে এক সারি দোকানপাট আর রেস্তোরাঁ। এর ওপরেই টিনের ছাপরা আর হার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ‘ক্যান্সার হাসপাতাল’। ভেতরে দুর্গন্ধময়, নোংরা পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছে ১৮টি বিছানা।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় এ রকম একটি হাসপাতালে অভিযান চালিয়ে দুজনকে দুই বছর করে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিউটি বেগম (৩৮) ও শাহাদাত হোসেন (২৪)।
র‌্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, কোনো ধরনের সরকারি অনুমোদন, চিকিৎসক, সেবিকা বা টেকনিশিয়ান ছাড়াই মাত্র বিউটি, শাহাদাত ও একজন পরিচ্ছন্নতাকর্মী এই হাসপাতালে রোগীদের সেবা দিচ্ছিলেন। গতকাল ওই হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন ছিলেন। এঁদের বেশির ভাগেরই কেমোথেরাপি চলছিল।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের একজন ওয়ার্ডবয় নেতা ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন স্টেনো টাইপিস্ট ওই হাসপাতালের মূল মালিক। তাঁরাই জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে দূরদূরান্ত থেকে আসা রোগী ভাগিয়ে ওই টিনের ছাপরা দেওয়া হাসপাতালে নিয়ে আসেন। র‌্যাব সূত্র জানিয়েছে, ওই হাসপাতালের মালিক ওয়ার্ডবয় ও স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ব্যবস্থা নেওয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত নির্দেশ দিয়েছেন।
ভেতরের অবস্থা: টিবি গেটে চিশতিয়া হোটেলের পাশে মইয়ের মতো সরু লোহার খাড়া সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই কোলে করে মরণাপন্ন রোগীদের ওপরে ওঠানো হয়। ভেতরে হার্ডবোর্ড দিয়ে চারটি কক্ষ করা হয়েছে। ভেতরে ঢুকতেই নাকে ধাক্কা দেয় কটু গন্ধ। নোংরা টয়লেট, বিছানা, অন্যান্য বর্জ্য আর ওষুধের গন্ধ মিলিয়ে উৎকট এক পরিবেশ ভেতরে।
বিছানাগুলোও এমনভাবে রাখা যে মাঝখান দিয়ে একজন কোনো রকমে হেঁটে যেতে পারে। এখানেই শুইয়ে কোনো রোগীর শরীরে রক্ত, কারও শরীরে কেমোথেরাপির ওষুধ দেওয়া হচ্ছে। বিছানাগুলোও নোংরা, তেলচিটচিটে। রোগীরা কেউ নিজেদের বিছানার চাদর নিয়ে এসেছেন।