মহাখালীতে পুলিশের কর্মশালা
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মোটরযান আইন সম্পর্কে বাসচালক ও শ্রমিকদের সচেতন করার লক্ষ্যে রাজধানীর মহাখালীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর ট্রাফিকের উত্তর বিভাগের আয়োজনে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালা উপলক্ষে হলরুমে জড়ো হয়েছিলেন গাড়িচালকেরা। ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় দুর্ঘটনার বিভিন্ন কারণ ও তা প্রতিরোধে চালক ও মালিক কর্তৃপক্ষের করণীয় সম্পর্কে বক্তব্য দেন।
চালকদের উদ্দেশে প্রবীর কুমার রায় বলেন, গাড়িতে অতিরিক্ত মাল তোলা যাবে না। এতে গাড়ির ভারসাম্য নষ্ট হয়।
মালিকদের উদ্দেশে প্রবীর কুমার বলেন, দূরপাল্লার একজন গাড়িচালক কোনো জায়গা থেকে গাড়ি চালিয়ে আসার পর সঙ্গে সঙ্গেই আবার তাঁকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাও দুর্ঘটনার একটা কারণ। এটা কখনোই করা যাবে না। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়িও যাতে চলাচল করতে না পারে, সে বিষয়টি মালিকদের নিশ্চিত করতে হবে।
যানজটের বিষয়ে কথা বলতে গিয়ে প্রবীর কুমার রায় বলেন, রাস্তা আজ ওয়াসা খোঁড়ে, কাল ডেসা, পরশু আবার ওয়াসা। এভাবে চলতেই থাকে। এ কারণে যানজটও লাগে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন করত, তাহলে এ ধরনের সমস্যা হতো না। মামলার বিষয়ে চালকদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি সার্জেন্ট মামলা দেন, লিডারকে (পরিবহন নেতা) বলবেন। তাঁরা আমাকে বলবেন, আমি দেখব। কী কমাতে হবে, কী করতে হবে, আমি দেখব। কিন্তু কোনো ঝামেলা করা যাবে না।’
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল আলম, মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।