মহাখালীতে বস্তিতে আগুন, পুড়ে গেছে দেড় শতাধিক ঘর
রাজধানীর মহাখালীর লিচুবাগান বস্তিতে গতকাল সোমবার রাতে আগুন লেগে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। গৃহহীন হয়েছে অন্তত ৫০০ মানুষ। তীব্র শীতে তাদের বেশির ভাগকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে।ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে আহত হয়েছে অন্তত ১০ জন।মহাখালী বাস টার্মিনালসংলগ্ন মেট্রোপলিটন হাসপাতালের পেছনে লিচুবাগান বস্তি। ১০-১২টি বাড়ির মধ্যে ছোট ছোট খুপরিঘর। বস্তির বাসিন্দারা জানান, রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। তাঁদের ধারণা, কোনো একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত সাড়ে নয়টার দিকে আগুন নেভান। বস্তির বাসিন্দা হালিমা খাতুন বলেন, আগুন লাগার পর তিনি জীবন নিয়ে বের হতে পারলেও সারা জীবনের সঞ্চয় সবই পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের উপপরিচালক রুহুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে, আগুনে দেড় শ ঘর পুড়েছে।