মহাখালীতে বাস চালককে মারধর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন সড়ক পরিবহন শ্রমিকেরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া ১০টার দিকে একতা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দেশে ছাড়ে। বাসটি মহাখালী ফ্লাইওভারের কাছে পৌঁছালে দুই যুবক উত্তরায় যাওয়ার কথা বলে গাড়িতে ওঠার চেষ্টা করেন। এ সময় চালকের সহকারী তাঁদের বাধা দেন। একপর্যায়ে পাশের শ্রমিক লীগের কার্যালয় থেকে ১০-১৫ জন যুবককে নিয়ে ওই দুই যুবক বাসের চালক নবাব হোসেনকে নামিয়ে মারধর করে পালিয়ে যান। এ ঘটনার পর শ্রমিকেরা সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত পৌনে একটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।