মহাখালীতে বিস্ফোরণ, বাবা-ছেলেসহ চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে গত শুক্রবার বিকেলে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে বাবা-ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন দিনমজুর রুহুল আমিন (৩৭) ও তাঁর ছেলে সোহাগ (৭), রিকশাচালক শহীদুল ইসলাম (৪০) ও বাহেস মিয়া (৩২)।
আহত বাহেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শহীদুল ঢাকা মেডিকেলে ভর্তি। রুহুল ও সোহাগকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
বনানী থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, তেজগাঁও থানার শাহীনবাগ এলাকায় সেফটি ট্যাংক স্থাপনের জন্য মাটি খোঁড়ার কাজ চলছে। কিছুদিন আগে মাটি খোঁড়ার সময় এক শ্রমিক লোহার একটি বস্তু পান। মূল্যবান কোনো কিছু মনে করে তিনি তা আরিফ নামের এক পরিচিত ব্যক্তির কাছে জমা রাখেন। আরিফ পরে তাঁর ভগ্নিপতি সাততলা বস্তির বাসিন্দা রুহুল আমিনের কাছে তা রাখতে দেন। গত শুক্রবার বিকেলে কৌতূহলবশে রুহুল আমিনসহ কয়েকজন লোহার বস্তুটি ভাঙার জন্য হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করেন। একপর্যায়ে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে ওই চারজন আহত হন।
গতকাল শনিবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ওই বস্তুর কিছু অংশ জব্দ
করা হয়েছে। তাতে মনে হচ্ছে, ওই বস্তুটি গ্রেনেড বা সেল জাতীয় কোনো কিছু হবে। তা বেশ পুরোনো। কিন্তু তা কীভাবে ওই মাটির নিচে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দ করা অংশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে। ফলাফল পাওয়ার পর ওই বস্তুটি কী ছিল এবং কত আগের তা জানা যাবে। পুরো বিষয়টি তদন্তাধীন।
তবে পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই বস্তুটি বহু আগে সামরিক কোনো বাহিনীর অব্যবহৃত সেল হতে পারে।