মহাখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীর মহাখালীতে গত বৃহস্পতিবার রফিকুল ইসলাম (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। রফিকুল হত্যাকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঈদের আগের দিন (বৃহস্পতিবার) ইফতারের ঠিক আগে মহাখালীর সাততলা বস্তি এলাকায় নিজের ভাঙারি দোকানে বসে ছিলেন রফিকুল ইসলাম। সে সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুক, কাঁধসহ শরীরে কয়েকটি গুলি লাগলে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। রফিকুলকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুলের ছেলে মো. শাকিল অভিযোগ করেন, ২০ দিন আগে সন্ত্রাসী মানিক এসে তাঁকে (শাকিল) মারধর করে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। এর পরও তারা ক্ষান্ত হয়নি। প্রায় প্রতিদিন চাঁদার জন্য তাঁদের হুমকি দিচ্ছিল। ঘটনাটি বনানী থানার পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বৃহস্পতিবার স্থানীয় সন্ত্রাসী সুমন, শামীম, মানিকসহ কয়েকজন তাঁর বাবাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই তিনজনসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। অবশ্য বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পুলিশ জানতে পেরেছে, বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে রফিকুলকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চাঁদা দাবির বিষয়টি তাঁদের জানানো হয়নি।
রফিকুলের গ্রামের বাড়ি পিরোজপুর সদরে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।