সারা দেশে বিক্ষোভ কর্মসূচির শুরুতে আজ রোববার সকালে রাজধানীর মহাখালীতে মিছিল করার চেষ্টা করে ইসলামী ছাত্রশিবির। তবে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
সকাল সোয়া নয়টার দিকে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় শিবিরের ২০-২৫ জন সমর্থক একটি মিছিল বের করে। তবে কিছু দূর যাওয়ার পর পুলিশের ধাওয়ার মুখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে জানান, মহাখালী এলাকায় চলন্ত গাড়ি থেকে তিন-চারটি পটকা ফুটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন শিবিরকর্মীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া রাজধানীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনসহ কারাবন্দী সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। গতকাল এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার। তবে কোথায়, কখন এ বিক্ষোভ ও সমাবেশ হবে, তা জানানো হয়নি।
বিবৃতিতে দাবি করা হয়, শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। একইভাবে ছাত্রশিবিরকে দমনের লক্ষ্যে প্রতিদিনই সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।