মহাখালীতে যত্রতত্র রাস্তা পারাপার
মহানগরীর ব্যস্ততম এলাকা মহাখালী কাঁচাবাজার বাসস্ট্যান্ডে পথচারীরা যেন যত্রতত্র রাস্তা পার না হয়, সে জন্য নির্মাণ করা হয়েছে লোহার সড়ক বিভাজক। কিন্তু নিয়ম ভেঙে সেই বিভাজক ডিঙিয়েই অনেকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে রাস্তা। এতে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, মহাখালী কাঁচাবাজার বাসস্ট্যান্ডে নির্মিত প্রায় চার শ মিটার দৈর্ঘ্যের লোহার সড়ক বিভাজক ডিঙিয়ে রাস্তা পার হচ্ছে অনেকে। কেউ পার হচ্ছে লাফিয়ে আবার কেউবা দুটো অংশের সংযোগস্থলের ছোট ফাঁক গলে। অথচ রাস্তা পারাপারে লোকজন যাতে পদচারী-সেতু ব্যবহার করে, সে কারণেই পাঁচ মাস আগে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু থামছে না যত্রতত্র রাস্তা পারাপার। লোকের বিভাজকটি লাফ দিয়ে পেরোনোর প্রস্তুতি দেখে অনেক গাড়ির চালকই কমিয়ে দিচ্ছেন গাড়ির স্বাভাবিক গতি। অনেকের গা ঘেঁষে আবার চলে যাচ্ছে গাড়ি। কেউ আবার ফাল দিয়ে বিভাজকটি পেরিয়ে পড়ছে গাড়ির সামনে। চলমান গাড়িগুলো আচমকা সামনে পড়া লোকটিকে রক্ষা করতে থেমে যাচ্ছে। অথচ পাশেই পদচারী-সেতু থাকলেও এর ব্যবহার যেন নেই বললেই চলে।
লাফ দিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে রাস্তা পারাপারকারী মো. মাসুম আলীর কাছে এভাবে রাস্তা পার হচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ওভারব্রিজ তো দূরে। যাইতে অনেক সময় লাগে। তাই এমন করেই রাস্তা পার হই।’
দেখা যায়, বিভাজক উপেক্ষা করে নারীরাও যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছেন। তবে পুরুষের মতো বিভাজকের ওপর দিয়ে লাফিয়ে নয়, তাঁরা পার হন সংযোগস্থলের ফাঁক গলে। তাঁদের আবার অনেকের সঙ্গেই আছে স্কুলপড়ুয়া বাচ্চা। ঝুঁকি নেওয়া আর নিয়ম ভাঙা—দুটোই যেন হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে নতুন প্রজন্মকে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন অভিভাবকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হ্যাঁ নিয়ম তো ভাঙছিই! কিন্তু কী করব বলেন, সবাই তো এভাবেই যাতায়াত করে।’
বাসস্ট্যান্ডের চা-দোকানি লিটন মিয়া বলেন, এই বাধা কেউ মানে না। সবাই এভাবে রাস্তা পার হয়। তিনি আরও বলেন, কয়েক দিন আগেও ম্যাজিস্ট্রেট এসে মামলা করলেন, জরিমানা করলেন। তবুও কাজ হয়নি।
দায়িত্ব পালনরত আনসার সদস্য মোহর আলী বলেন, ‘বিভাজকটি এভাবে পার হতে লোকজনকে বাধা দিই। কিন্তু কেউ কথা শোনে না। উল্টো আমার সঙ্গে ঝগড়া শুরু করে।’
এ বিষয়ে মহাখালী ট্রাফিক জোনের টিআই সালাহ উদ্দিন বলেন, জনগণের এভাবে রাস্তা পারাপারের কারণে মহাখালীতে যানজট কমছে না। তিনি আরও বলেন, সড়ক বিভাজকের এই লোহার বেড়াটি আরও এক ফুট উঁচু আর স্থায়ী করে দিলে ভালো হবে। তখন এভাবে আর কেউ রাস্তা পেরোতে পারবে না।