মহাখালীতে যাত্রী বাড়ছে, ঠিক সময়ে বাস ছাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে আজ বৃহস্পতিবার সকালে ঈদে ঘরমুখী মানুষের ভিড়। ছবি: আবদুস সালাম
রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে আজ বৃহস্পতিবার সকালে ঈদে ঘরমুখী মানুষের ভিড়। ছবি: আবদুস সালাম

ঈদের ছুটি শুরু হওয়ার আগে আজ বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। বেশির ভাগ বাস কোম্পানি ঈদের প্রস্তুতি হিসেবে টার্মিনালে বাস জমা রাখায় সময়ের হেরফের হচ্ছে না। ঢাকার সড়কে যানজটের বিষয়টি মাথায় রেখে কিছু বাস নির্দিষ্ট সময়ের ১০ থেকে ১৫ মিনিট পর গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে।

আজ সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে ঘরমুখী মানুষ আসতে শুরু করেছেন। সকালে মানুষের সংখ্যা কম হলেও দুপুরের দিকে একটু বেড়েছে। বেশির ভাগ বাস কোম্পানির টার্মিনালে জমা থাকায় ঠিক সময়ে বাস ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশে। বাস টার্মিনালে যাত্রীদের সচেতনতার জন্য দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের নাটিকা। এসব নাটিকায় যাত্রীদের নিরাপদে ভ্রমণ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কীভাবে অপরিচিত লোক ক্ষতি করতে পারে, এ ব্যাপারে ধারণা দেওয়া হচ্ছে।

মহাখালী বাস টার্মিনালের অন্তত ১০টি পরিবহনের টিকিট কাউন্টারে কথা বলে জানা গেছে, ভোর সাড়ে ৫টা থেকে শুরু করে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিটি বাস কোম্পানির অন্তত নয়টি করে বাস প্রতিটি গন্তব্যে ছেড়ে গেছে। মহাখালী টার্মিনালে উত্তরবঙ্গগামী যাত্রীর সংখ্যা বেশি। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটের দিকেও যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে।

বগুড়া যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন দুর্জয় ভৌমিক। তাঁর বাস ছাড়ার কথা ছিল বেলা সাড়ে ১১টায়। যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন বেলা সোয়া ১১টা বাজে। দুর্জয় জানালেন, বাস ঠিক সময়ে ছাড়বে বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজার। ঈদের ব্যস্ততা পুরোপুরি শুরু না হওয়ায় ঈদযাত্রা আরামের হবে বলে তিনি আশা করেন।

মহাখালী এস আর ট্রাভেলসের কাউন্টার মাস্টার আমির হোসেন বলেন, সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের চারটি বাস উত্তরবঙ্গের দিকে ছেড়ে গেছে। টার্মিনালে পর্যাপ্ত বাস জমা থাকায় কোনো দেরি হচ্ছে না। ঈদে ঢাকার রাস্তায় যানজটের কথা চিন্তা করে যাত্রীদের জন্য তাঁরা প্রতিটি বাস ২০ মিনিট দেরিতে ছাড়ছেন।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা যায় দেশ ট্রাভেলসের বাস। এই পরিবহনের বাস সীমিত। সারা দিনে এই টার্মিনাল থেকে মোট পাঁচটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত তাঁদের দুটি বাস ছেড়ে গেছে। পরিবহনটির কাউন্টার ম্যানেজার গোলাম আজম বলেন, গতবার ২৪ ঘণ্টা যানজটে আটকে থাকার অভিজ্ঞতা থেকে তাঁরা এবার বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন।

সকালের দিকে যাত্রীদের ডেকে গাড়িতে তোলেন বাসের এক সহকারী। ছবি: আবদুস সালাম
সকালের দিকে যাত্রীদের ডেকে গাড়িতে তোলেন বাসের এক সহকারী। ছবি: আবদুস সালাম

যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন, এ জন্য ঢাকা মহানগর পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্বক্ষণিক নিরাপত্তা দল রয়েছে টার্মিনালে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনসচেতনতার জন্য বিভিন্ন পোস্টারে অজ্ঞান ও মলম পার্টির বিষয়ে যাত্রীদের সচেতন করা হয়েছে।

বিআরটিএ ঢাকা মেট্রো-৩-এর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সৌরভ কুমার সাহা বলেন, এখন পর্যন্ত ঈদের ব্যস্ততা খুব বেশি বাড়েনি। আজ বিকেল থেকে মূল ব্যস্ততা শুরু হবে। এখন পর্যন্ত কোনো যাত্রীর কাছে ভাড়ার বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি।