হান্নান শাহর প্রতি ঢাকায় নেতা-কর্মীদের শেষ শ্রদ্ধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁর কফিন দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে কেন্দ্রীয় নেতা ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থকেরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের কাপাসিয়া ঘাগটিয়া গ্রামে হান্নান শাহর দাফন হবে। এর আগে সকাল নয়টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সাড়ে ১০টায় কাপাশিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে, জুমার নামাজের পর চালা বাজার উচ্চবিদ্যালয় মাঠে জানাজা হবে। রাতে মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে। পারিবারিক ও দলীয় সূত্র জানায়, শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, বাদ মাগরিব মহাখালী ডিওএইচএস জামে মসজিদে হান্নান শাহর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়।
আজ বৃহস্পতিবার মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণ, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মহাখালীর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। সংসদে জানাজার পর জাতীয় সংসদের পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে জাপার সাংসদ নুরুল ইসলাম শ্রদ্ধা জানান।
দুপুরে নয়াপল্টনে হান্নান শাহর মরদেহ পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন। কালো কাপড়ে তৈরি অস্থায়ী মঞ্চে তাঁর মরদেহ রাখা হয়। প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নেতারা-কর্মীরা জানাজায় অংশ নেন।
নয়াপল্টনের জানাজায় মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, গিয়াস কাদের চৌধুরী, ২০-দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শফিউল আলম প্রধান প্রমুখ অংশ নেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরীও শ্রদ্ধা জানান।
ডিওএইচএস জামে মসজিদ, সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণের জানাজায় অংশ নেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, এলডিপির সভাপতি অলি আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, বিএনপির নেতা মাহবুবুর রহমান, হাফিজউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, এম ওসমান ফারুক, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, আওয়ামী লীগের সাংসদ জাহিদ আহসান রাসেল প্রমুখ।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে হান্নান শাহ গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি একজন সৈনিকই নন, সত্যিকার অর্থে গণতন্ত্রেরও সৈনিক ছিলেন। বিশেষ করে, এক-এগারোর অবৈধ সরকারের সময়ে বিএনপি ও বাংলাদেশ যখন গণতন্ত্রের সংকটে পড়েছিল, তখন বিএনপির পক্ষে, গণতন্ত্রের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছিলেন হান্নান শাহ।