রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গতকাল সোমবার সকালে মোশাররফ হোসেন ভূঁইয়া (২৮) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। গুলশান পুলিশের দাবি, নিহত মোশাররফ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। চাঁদাবাজি করতে গেলে তিনি গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আছে।তবে নিহতের স্বজনদের অভিযোগ, ব্যবসার দখল নিতে স্থানীয় একটি চক্র পুলিশের সহায়তা নিয়ে এ যুবককে পিটিয়ে হত্যা করেছে। নিহতের বোন নিলুফার ইয়াসমীন সাংবাদিকদের বলেন, তাঁর ভাই মোশাররফ সন্ত্রাসী ছিলেন না। তিনি কড়াইল বস্তিতে বিদ্যুতের ব্যবসা করতেন। নির্দিষ্ট টাকার বিনিময়ে বস্তির ঘরে বিদ্যুৎসংযোগ দিতেন তিনি। এ ছাড়া তাঁর পানি ও রিকশার গ্যারেজ আছে। ইয়াসমীনের অভিযোগে, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতা ওই বস্তিতে বিদ্যুতের ব্যবসার দখল নেওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত না পেরে গতকাল তাঁকে পুলিশে ধরিয়ে দেন। এরপর পিটিয়ে হত্যা করেন। পরে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে প্রচার করেন। জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ইয়াসমীনের অভিযোগ অস্বীকার করেন। ওসি বলেন, বস্তির কয়েকজনের কাছে চাঁদা চেয়েছিলেন মোশাররফ। চাঁদা না দেওয়ায় গতকাল সকালে তিনি বস্তির কয়েকজনকে মারধর করেন। এ খবর পেয়ে গুলশান থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে মোশাররফকে ধরে ফেলে। এ সময় মোশাররফের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা মোশাররফকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। পুলিশ পিছু ধাওয়া করলে মোশাররফ লেকের পানিতে ঝাঁপ দেন। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে পানি থেকে তুলে পিটুনি দেয়। গুলশানর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীরুজ্জমান বলেন, গুরুতর আহতাবস্থায় মোশাররফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো এলাকায়। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছোট ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।গুলশান থানার ওসি জানান, কড়াইল বস্তির চিহ্নিত অপরাধী ছিলেন মোশাররফ। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।