
মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন পশু জবাইখানার নির্মাণকাজ শেষ হয় গত বছরের এপ্রিলে। এরপর এটি উদ্বোধন করতেই সময় লেগে যায় ছয় মাসের বেশি। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে এবার বছর গড়াতে চললেও এখন পর্যন্ত শুরু হয়নি এর ব্যবহার। ঠিক কবে নাগাদ জবাইখানাটির ব্যবহার শুরু হবে, সে ব্যাপারেও নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ।
ডিএনসিসির কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, ‘আমলাতান্ত্রিক’ জটিলতার কারণেই এই বিলম্ব। আবার কেউ দাবি করছেন, জবাইখানাটি এখনো হস্তান্তরই হয়নি। কেউ বলেছেন, এটা পরিচালনার জন্য দরপত্র হয়ে গেছে। এখন কেবল তা চূড়ান্ত করার অপেক্ষা।
রাজধানীতে এখন ডিএনসিসির দুটি জবাইখানা চালু আছে। একটি মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভেতরে, অন্যটি মিরপুর ১১ নম্বরের নিউ সোসাইটি মার্কেটে। এই দুটি জবাইখানায় প্রতিদিন চার শ পশু জবাই করার ব্যবস্থা আছে। প্রতিটি জবাইখানায় একজন পশু চিকিৎসক, মাওলানা, পরিদর্শক, সিলম্যান ও পরিচ্ছন্নতাকর্মী আছেন। সিটি করপোরেশন প্রতি গরু জবাই করতে ৫০ টাকা, মহিষের জন্য ৭৫ টাকা, ছাগল বা ভেড়ার জন্য ১০ টাকা করে নিয়ে থাকে। নতুন জবাইখানায় দিনে ৩০০ পশু জবাইয়ের সুযোগ আছে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে, এর আওতাভুক্ত এলাকাগুলোতে দৈনিক দুই হাজারের বেশি পশু জবাই হয়।
আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে যত্রতত্র পশু জবাই করতে পারবে না। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত পশু জবাইখানার চাহিদার কথা বিবেচনা করে ইসলামিক রিলিফ ইউএসএর অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় মহাখালী নতুন কাঁচাবাজার-সংলগ্ন স্থানে এই পশু জবাইখানা বানায় ডিএনসিসি। তিন হাজার বর্গফুটের এই জবাইখানা তৈরিতে খরচ হয় প্রায় দেড় কোটি টাকা। গত বছরের এপ্রিল মাসে এর নির্মাণকাজ শেষ হলেও শুরুতে গ্যাস-বিদ্যুতের সংযোগ না থাকা এবং পরে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতায় উদ্বোধনের প্রক্রিয়া ছয় মাসের জন্য আটকে যায়। শেষে গত বছরের ২১ নভেম্বর ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এর উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আধুনিক এ জবাইখানায় পশু বিশ্রামাগার, বায়োগ্যাস প্ল্যান্ট, বৃষ্টির পানি সংগ্রহ, সৌরবিদ্যুৎ, বর্জ্য ও রক্ত সংগ্রহ এবং ব্যবস্থাপনা সুবিধা, চামড়া, শিং, হাড় সংগ্রহ ও ব্যবস্থাপনা, যন্ত্রাংশ জীবাণুমুক্ত করার জন্য পানি গরম করার ব্যবস্থা রয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, মহাখালী নতুন কাঁচাবাজারের পেছনে পশু জবাইখানার দোতলা ভবনটি বাইরে থেকে তালাবদ্ধ। ফটকের সামনের অংশ ঝরা পাতা, আগাছা আর শেওলায় ভরা। কলাপসিবল দরজার ওপাশে একটি বর্জ্য অপসারণের ভ্যান রাখা। লাল রঙের পানির পাইপগুলো গোটানো। এর পাশের আনসার ক্যাম্পে অবস্থানরত দুই সদস্য জানালেন, মাঝেমধ্যে জবাইখানার ভেতরের অংশ পরিষ্কার করা হয়।
অবকাঠামো তৈরি, গ্যাস-বিদ্যুতের সংযোগ আছে, আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে, তারপরেও জবাইখানার ব্যবহার কেন শুরু হচ্ছে না? জানতে চাইলে ডিএনসিসির ভেটেরিনারি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘কে বলল উদ্বোধন হয়েছে? এটা তো ডিএনসিসির কাছে হস্তান্তরই হয়নি।’ পরে তাঁকে গত বছরের ২১ নভেম্বর ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক জবাইখানাটি উদ্বোধনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘আমি গত মার্চ মাসে জয়েন করেছি। এটা আসলে আমার জানা ছিল না।’ এ পর্যায়ে জবাইখানার ব্যবহার শুরু না হওয়ার কারণ হিসেবে জনবলসংকটকে দায়ী করেন তিনি।
জবাইখানাটি নির্মাণে উদ্যোগ নেওয়া থেকে শুরু করে অনুদান সংগ্রহ এবং তা বাস্তবায়নে সরাসরি সম্পৃক্ত ছিলেন ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ। উদ্বোধন নিয়ে ভেটেরিনারি কর্মকর্তার বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন মন্তব্য’ বলে অভিহিত করেন তিনি। আর এটি ব্যবহার শুরু না করার বিষয়ে নিজেও কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মন্তব্য করে তিনি এর জন্য ডিএনসিসির সম্পত্তি বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন।
প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঈদের আগে টেন্ডার হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে পরিচালনা প্রতিষ্ঠানের বাছাই চূড়ান্ত হবে।’
আর এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য নেওয়ার জন্য ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনিই গত নভেম্বরে এই জবাইখানা উদ্বোধন করেছিলেন।