মহাখালীর ব্র্যাক সেন্টারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে মহাখালী থেকে গুলশানমুখী সড়কের পাশে ব্র্যাক সেন্টারের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোটা মেঝেতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো শুরু করেন। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার ঝাঁজে অসুস্থ হয়ে পড়া লিফটম্যান শাকিল আহমেদকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন পঞ্চম তলায় লাগলেও নিচতলা পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায়। উৎসুক লোকজনের ভিড় সামলাতে গুলশানমুখী সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে আগুন নেভার পর সড়কটি খুলে দিলে যান চলাচল শুরু হয়। ব্র্যাকের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, পঞ্চম তলায় প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।