মহাখালীর সাততলা বস্তি উচ্ছেদ
রাজধানীর মহাখালী সাততলা বস্তি উচ্ছেদ হয়েছে। ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণের জন্য রাজধানীর বৃহত্তম এ বস্তিটি গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করে স্বাস্থ্য অধিদপ্তর।সূত্র জানায়, গত দুই যুগেরও বেশি সময় ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ জায়গাটি দখল করে রেখেছিল অবৈধ দখলদারেরা। এর আগে সরকার কয়েকবার এটি উচ্ছেদের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বিষয়টি উচ্চ আদালতে গড়ায়।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রথম আলোকে বলেন, পুরো জায়গাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আইন-কানুন মেনে, বস্তিবাসীদের সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। তারপর উচ্ছেদ করা হয়।গতকাল বেলা দুইটার দিকে সাততলা চৌধুরীপাড়া বস্তিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য অধিদপ্তরের একজন সহকারী সচিব। দুটি বুলডোজার নিয়ে শতাধিক উচ্ছেদকর্মী ও ১২০ জন পুলিশ বস্তিতে অভিযান শুরু করেন। তাঁরা ৫ দশমিক ২৮ একরজুড়ে থাকা বস্তির প্রায় সাড়ে পাঁচ হাজার পাকা, আধাপাকা ও টিনের ঘর ভেঙে দেন।উচ্ছেদ শুরুর আগে বস্তিবাসীরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরা মিছিল করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। বস্তিবাসীদের অভিযোগ, উচ্ছেদের আগে কোনো নোটিশ না দিয়েই হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।মহাখালী সাততলা বস্তি নিয়ে ব্র্যাকের জরিপ অনুযায়ী এখানে প্রায় সাড়ে ১৪ হাজার লোকের বাস। মোট পরিবার প্রায় চার হাজার। তবে বস্তিবাসীরা বলছেন, এখানে অন্তত ২৫ হাজার মানুষের বাস।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, শুরুতে কিছু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করেছিল।বস্তিটি মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর, কলেরা হাসপাতাল (আইসিডিডিআরবি), ক্যানসার হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালসংলগ্ন এলাকায় গড়ে ওঠে।