মহাখালীর সাততলা বস্তিতে আগুন, বাবা-ছেলে দগ্ধ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গতকাল শুক্রবার ভোরে আগুন লেগে ৩২টি ঘর ও নয়টি দোকান পুড়ে গেছে। আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন আবু আকবর (৬০) ও তাঁর ছেলে আবু কাওসার (২০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে হয়েছে প্রায় ২০০ লোককে। তাঁরা সবাই শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারের লোক।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার জানান, ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বস্তিতে আগুন লাগার খবর জানানো হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাতটার কিছু পরে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। ততক্ষণে ৩২টি ঘর ও নয়টি দোকান পুড়ে যায়।
সাততলা বস্তির বাসিন্দারা জানান, বস্তির বেশির ভাগ লোক তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজনের চিৎকারে জেগে অনেকে দেখেন, ঘরের বেড়ায় আগুন জ্বলছে। এরপর লোকজন তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আসেন। কেউ কেউ পানি ঢেলে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করেন।
দগ্ধ আবু বকরের স্ত্রী নাসিমা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁরা বস্তির একটি টিন-কাঠের দোতলা বাড়ির দোতলায় একটি ঘরে ভাড়া থাকতেন। ভোরবেলা তিনি বাথরুমে গিয়েছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনেন। গিয়ে দেখেন ঘরের পাশের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাঁর ঘরও পুড়ছে। তিনি চিৎকার শুরু করেন। এরপর দগ্ধ স্বামী আবু বকর ও ছেলে আবু কাওসারকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন তিনি।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানিয়েছেন, আবু বকরের শ্বাসনালীসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আবু কাওসারের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।