মহাখালীর সাততলা বস্তির পরিধি বাড়ছেই

মহাখালীর সাততলা বস্তির পরিধি দিনে দিনে বাড়ছে। প্রায় প্রতিদিন সেখানে গড়ে উঠছে নতুন নতুন ঘরবাড়ি, সেই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে বস্তিবাসীর সংখ্যাও। সাততলা বস্তি উচ্ছেদের নানা চেষ্টা হয়েছে। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে তা আর সফল হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, মহাখালীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়, অটিস্টিক একাডেমি ভবনসহ সাতটি প্রতিষ্ঠানের কার্যালয় তৈরির পরিকল্পনা চূড়ান্ত। কিন্তু জমি দখলে না থাকায় ছয় মাস ধরে চেষ্টা করেও কাজ শুরু করতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়।
অভিযোগ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জায়গার ওপর ঘরবাড়ি তুলে ভাড়া দিয়েছেন প্রভাবশালী লোকজন। ভাড়া বাবদ এখান থেকে প্রতি মাসে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত আদায় হয়। এই টাকা হাতবদল হয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছেও যায়। এ কারণে বস্তি ওঠানো আর সম্ভব হয় না।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মহাখালীতে জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জমি ৪৭ দশমিক ৮৮ একর এবং সংক্রামক ব্যাধি হাসপাতালের ৩৫ একর জমি আছে। এই জমি থেকে আট একর জমি দখল করে গড়ে উঠেছে বস্তি। এই বস্তি এলাকায় আরও আছে, জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান, নিপসম, আইসিডিডিআরবিসহ ১১টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাততলা বস্তির একেবারে শেষ প্রান্তে সংক্রামক ব্যাধি হাসপাতাল। হাসপাতালটির সামনে-পেছনে বস্তি। শত শত টিনের বাড়ি, মুদি দোকান, বাজার পেরিয়ে মানুষকে এই হাসপাতালে পৌঁছাতে হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ২০১৪ সালের ১৩ নভেম্বর সাততলা বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস তিনেক আগেও মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরির আলোচনা হয়। বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্তও হয়। কিন্তু শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে অধিদপ্তর জায়গাটি দখলে নিতে পারেনি।
এর আগে মহাখালীর ‘সাততলা বস্তি’ উচ্ছেদের জন্য ২০০৩ সালে নোটিশ জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ওই সময় বস্তিবাসীর পক্ষে ওমর ফারুক নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে বস্তি উচ্ছেদসংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। ২০১০ সালেও একবার উচ্ছেদের চেষ্টা চালায় অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাঁদের কার্যালয় বা কেন্দ্র স্থাপনের জন্য জমি বরাদ্দের অনুরোধ জানিয়ে আসছিল। মহাখালীর জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিকানাধীন আট একর জমির ওপরই সব কটি প্রতিষ্ঠানকে জায়গা দেওয়া সম্ভব। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে অটিস্টিক একাডেমি ভবন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিস, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই ভবন, জাতীয় ব্লাড সেন্টার ভবন ও সেবা পরিদপ্তরের প্রধান কার্যালয়।
অধিদপ্তর মনে করছে, আট একর জায়গার ওপরই এই ভবনগুলো তৈরি করা সম্ভব। কিন্তু এই আট একর জায়গার এক একরে পুকুর ও বাকি সাত একর জায়গায় অবৈধ ঘরবাড়ি ও বস্তি আছে। জায়গাগুলো নিজেদের আওতায় আনতে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট একটি সাইনবোর্ড টাঙিয়েছে, ‘জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের নির্ধারিত স্থান’। তবে ১০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে দেয়ালঘেরা সাইনবোর্ড লাগানো জায়গাটিতে গিয়ে শতাধিক রিকশা, স্কুল ভ্যান, আর একদল যুবককে মাদক সেবন করতে দেখা গেছে। রিকশা গ্যারেজটি কার, জানতে চাইলে স্থানীয় লোকজন জানান, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছিরের লোকজন এটির মালিক। এ বিষয়ে জানতে মো. নাছিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাততলা বস্তির তিনটি অংশে মোট ছয় হাজার ঘর আছে। এক-একটি ঘরের ভাড়া প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা। এর বাইরে আছে বাজার, দোকানপাট, ইজিবাইক স্ট্যান্ড, রিকশা গ্যারেজ। মাদক ব্যবসারও অন্যতম স্থান এই সাততলা বস্তি। প্রায় ৪০ বছরের পুরোনো এই বস্তিটি যখন যে দল সরকারে থাকে, সে দলের লোকজনের দখলে থাকে।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, এই বস্তি উচ্ছেদ হলে বনানী এলাকার অপরাধ কমে যাবে। এলাকা মাদকমুক্ত হবে। তিনি বলেন, বস্তিতে মাঝেমধ্যে অভিযান হচ্ছে, মাদকসহ লোকজন ধরা পড়ছে। বস্তির কিছু বাসিন্দা সরাসরি মাদকের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।