সরকারের আচরণকে অগণতান্ত্রিক মন্তব্য করে একে ধিক্কার জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘মহাচুরি করবেন আর জনগণ কিছু বলবে না, এটা ভাববেন না।’গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে একটি ক্লাবে আয়োজিত দলের সংবাদ সম্মেলনে বি. চৌধুরী এসব কথা বলেন। জাতীয় ঐক্যের ডাক নিয়ে সাম্প্রতিক সময়ে সরকারি দলের আপত্তিকর প্রচারণার বিষয়ে মূল্যায়ন সভা শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সুস্থ রাজনীতি; দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতি—এই তিন দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন বি. চৌধুরী ও ড. কামাল হোসেন। ২৫ অক্টোবর রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যে নতুন ফ্রন্ট হয়েছে, তা যদি আরেকটি এক-এগারো ঘটানোর জন্য করা হয়, তাহলে প্রতিহত করা হবে। এ বিষয়ে বি. চৌধুরী বলেন, ‘দেশের সিনিয়র সিটিজেন হিসেবে আমি ও ড. কামাল হোসেন সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ও স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা কুরুচিপূর্ণ।’ সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তাঁরা দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। রাষ্ট্রের জন্য বিপজ্জনক কিছু বলেননি। হল-মার্ক কেলেঙ্কারিসহ সরকারের বিভিন্ন দুর্নীতির কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মাথা হেঁট হয়ে গেছে। মানুষ গুম হয়ে যায় অথচ তার চুলও পাওয়া যাবে না, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এক প্রশ্নের জবাবে বি. চৌধুরী বলেন, আন্দোলন করে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য নূরুল আমিন বেপারী, মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।