মহাচোরদের উৎখাত ও ছোট চোরদের সংশোধন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন হাসান আজিজুল হক l প্রথম আলো
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন হাসান আজিজুল হক l প্রথম আলো

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হচ্ছে চোর-বাটপার। ওই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অবস্থান নেওয়ায় অনেকেই আমার সমালোচনা করেছেন। তবে আমি জেনেশুনে চোরদের পক্ষ নিয়েছি, যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। ওই সব মহাচোরদের শনাক্ত করে উৎখাত করা হবে এবং ছোট চোরদের সংশোধন করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও পুরস্কার এবং বিশিষ্ট গবেষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবির প্রতিবেদন সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এসব বলেন।
গত ৩০ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবৈধ অর্থের লেনদেন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় তরুণ প্রজন্ম আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে তৈরি হবে না। এ জন্য প্রয়োজন যুগোপযোগী বিশ্বমানের শিক্ষাব্যবস্থা। গতানুগতিক শিক্ষার আমূল পরিবর্তন করে অর্থপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জনের ধারায় শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমরা সেই কাজ করে যাচ্ছি।’
সিনেট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমদ। সঞ্চালনা করেন রেজিস্ট্রার এন্তাজুল হক।
অনুষ্ঠানে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘সারোয়ার জাহান স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর রহমানকে উচ্চমানের গবেষণার জন্য ‘সারোয়ার জাহান গবেষণা স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।
২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৮৪ কৃতী শিক্ষার্থীকে ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’, আটজনকে ‘এ কে খান স্বর্ণপদক’ এবং ৫ পাঁচজনকে ‘ড. মমতাজউদ্দিন আহমদ স্বর্ণপদক’ প্রদান করা হয়।
এর সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে শেখ রাসেল মডেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিবারের সমাবেশ: রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে গতকাল বিকেলে রাজশাহী জেলার মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিবারের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের ছাত্র পেটানোর প্রসঙ্গে বলেন, ‘আগের দিনে শিক্ষকেরা বলতেন গাধা পিটিয়ে মানুষ করলাম। এখন আর গাধা পেটালে মানুষ হবে না। হিংস্র জন্তু হবে। পেটালে শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তাই এখন আদর, ভালোবাসা ও মমতা দিয়ে শিক্ষার্থীদের জয় করতে হবে। এভাবেই তাদের আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি জানান। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দিতে চাই না—এ কথা বলব না। কিন্তু কোথা থেকে দেব? জিডিপির ৬ দশমিক ৬ ভাগ শিক্ষার জন্য ব্যয় করা উচিত কিন্তু আমরা এবার ২ দশমিক ২ ভাগ ব্যয় করেছি। দারিদ্র্যের কারণে ইচ্ছা থাকলেও পারি না। তবে যে প্রতিষ্ঠান এমপিও থেকে বাদ পড়েছে, তাদের জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের ঘুষের প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মন্ত্রণালয় অনিয়ম-দুর্নীতির জঞ্জালে পরিপূর্ণ ছিল। রাতারাতি এটা দুর্নীতিমুক্ত করা দুরূহ কাজ ছিল। এখন যে ঘুষ চলে না—এটা আমি বলব না। তবে যিনি ঘুষ দিচ্ছেন আর যিনি নিচ্ছেন কেউ আমাকে বলছেন না। তবে আশার কথা, আগের চেয়ে এই দুর্নীতির পরিমাণ কমে এসেছে।’