মহাজন নিল ঘর, বাস কেড়ে নিল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের চাকরির আশায় বছর পাঁচেক আগে স্থানীয় এক মহাজনের কাছ থেকে সুদের ওপর ২০ হাজার টাকা নিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের বলাই কুমার। ছেলের সেই চাকরি তো হয়ইনি, উল্টো মহাজন তাঁর বসতভিটা ও ঘর লিখে নিয়েছেন। মহাজনের সেই সুদ পরিশোধ করতে ছেলে তাঁর ছোটখাটো একটা কাজ নিয়েছিলেন। গত শুক্রবার কর্মস্থলে যাওয়ার পথে বলাই কুমারের সেই ছেলে বিদ্যুত কুমার (৩৫) বাসের চাপায় মারা যান।পরিবারের একমাত্র উপর্জনক্ষম মানুষটির মৃত্যুতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী মালতী রানী আর দুটি শিশু অসহায় হয়ে পড়েছে।ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে অফিস সহকারী পদে চাকরি পাওয়ার আশায় স্থানীয় এক নেতাকে ২০ হাজার টাকা দিয়েছিলেন বিদ্যুত কুমার। সেই টাকা জোগাড় করতে বাবা বলাই কুমার পাশের খয়েরতলা গ্রামের মহাজন মতিয়ার রহমানের কাছ থেকে পাঁচ বছর আগে সুদের ওপর টাকাটা নেন। সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় ২০০৮ সালের শেষের দিকে মহাজন তাঁদের বসতভিটাসহ ৪০ শতাংশ জমি লিখে নেন। সে সময় মহাজন বাড়িছাড়া করেছিলেন তাঁদের। পরে গ্রামের মানুষের চাপাচাপিতে বাড়িতে থাকতে দেন মহাজন। বিদ্যুত কুমার দোকানে দোকানে ওষুধ সরবরাহের কাজ নেন। সেই কাজ করে সুদের টাকা পরিশোধের চেষ্টা করছিলেন। তার আগেই ঘটে গেল দুর্ঘটনা।গত শুক্রবার সকালে একটি নছিমনে চড়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন বিদ্যুত কুমার। সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কয়েরগাছি নামক স্থানে এসে পৌঁছালে ঝিনাইদহগামী একটি বাস নছিমনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বিদ্যুত কুমার ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন পাঁচজন।বৃদ্ধ বলাই কুমার বলেন, ‘এই ভিটাবাড়ি রক্ষা করা আর হলো না। মহাজনের হাতে মার খেয়ে সপরিবারে পালিয়ে গিয়েছিলাম। পরে গ্রামবাসীর সহায়তায় ফেরত আসি। এখন আবার পালানো ছাড়া পথ থাকবে না।’ বিদ্যুতের স্ত্রী মালতী রানী বলেন, ‘অবুঝ বাচ্চা দুটো নিয়ে এখন কী করব!’বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ জানান, এই এলাকায় সুদের কারবারি হিসেবে মতিয়ার খুবই প্রভাবশালী। তাঁর কারণে আরও অনেককে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে।সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওহিদুজ্জামান বলেন, ‘সুদ দিতে না পারায় বলাই কুমারের বসতভিটা লিখে নিয়ে তাঁদের তাড়িয়ে দিয়েছিল মতিয়ার। আমি চেষ্টা করে তাঁদের ফেরত আনি।’বলাই কুমারের বসতবাড়ি লিখে নেওয়ার কথা স্বীকার করে মহাজন মতিয়ার রহমান দাবি করেন, তিনি টাকা দিয়ে ওই বাড়ি কিনেছেন। এর আগে সুদে টাকা দেওয়া থাকলেও এই জমি টাকা দিয়ে কিনেছেন তিনি। সমপরিমাণ জমি অন্য কোথাও থেকে দেওয়া হলে এখনো তিনি বসতভিটা ফিরিয়ে দিতে রাজি আছেন। পরিবারটি অসহায়, তাই তাঁদের থাকার জায়গা দিয়েছেন বলে দাবি করেন মতিয়ার রহমান।