মহাজনি সুদের হার ৫২১ শতাংশ!
রাজশাহীতে বার্ষিক শতকরা ৫২১ টাকা হার সুদে মহাজনেরা কারবার করছেন। বিপদে পড়ে এমন চড়া সুদে ঋণ নিয়ে পথে বসছেন সাধারণ মানুষ। তাঁদের অনেকেই ভিটেমাটি ফেলে এলাকা ছেড়ে পালিয়েছেন। কেউ কেউ সুদের টাকা শোধ করতে মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়ছেন।রাজশাহী নগরের প্রায় সব এলাকাতেই মহাজনি সুদের এই রমরমা কারবার চলছে। মহাজনেরা বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে সুদের রমরমা কারবার করছেন। যাঁরা ঋণের টাকা শোধ করতে পারছেন না, মহাজনেরা তাঁদের নামে এনজিও থেকে ওই পরিমাণ টাকা তুলছেন। আর সেই ঋণের টাকা পরিশোধের জন্য এনজিওর পাসবই ধরিয়ে দিচ্ছেন সহায়-সম্বলহীন এসব মানুষের হাতে।ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম অবস্থায় মহাজনেরা কোনো জামানত ছাড়াই পরিচিতদের ঋণ দেন। ১০০ টাকার সাত দিনের সুদ ১০ টাকা। সেই হিসাবে ১০০ টাকার এক বছরের সুদ ৫২১ টাকা। যাঁরা ঋণ নিয়ে শোধ করতে পারছেন না, তাঁদের প্রতি সপ্তাহের সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। চক্রবৃদ্ধি হারে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে আসলের পরিমাণ বিপজ্জনক হারে বাড়ছে।হিসাব করে দেখা গেছে, যাঁরা টাকা নিয়ে সাপ্তাহিক কিস্তি দিতে পারছেন না, দুই মাস পূর্ণ হওয়ার কয়েক দিন আগেই আসলের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে মহাজন যখন বুঝতে পারছেন যে ঋণ গ্রহণকারী আর টাকা শোধ করতে পারবেন না, তখন তিনি কোনো এনজিও থেকে ওই পরিমাণ ঋণ নিয়ে এনজিওর পাসবই ওই ঋণ গ্রহীতার হাতে ধরিয়ে দিচ্ছেন। পরে এই এনজিওর কিস্তি শোধ করার জন্য ঋণ গ্রহীতা আবার অন্য মহাজনের কাছ থেকে বা অন্য এনজিওর কাছ থেকে একইভাবে ঋণ নিচ্ছেন। নগরের রামচন্দ্রপুর এলাকার এমন একজন ঋণগ্রস্ত ব্যক্তি তিন বছর আগে ২০ হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা সুদাসলে এখন সাড়ে চার লাখ টাকা হয়েছে। মহাজনের ঋণ শোধ করতে না পেরে এনজিওর কাছ থেকে ঋণ করেছেন নগরের রামচন্দ্রপুর এলাকার এমন একজন গৃহবধূর কাছে ব্র্যাকের ১১টি পাসবই পাওয়া গেছে। তাঁকে প্রতি মাসে ১১টি কিস্তি দিতে হয়।এ ব্যাপারে নগরের মতিহার শাখা ব্র্যাকের ব্যবস্থাপক নূর-ই-জান্নাত বলেন, কোনো নারী যদি নিজে ঋণ তুলে অন্য কাউকে দেন, এটা জানতে পারলে তাঁরা তাঁকে আর ঋণ দেন না। আর ঋণ নিয়ে কেউ সুদের ব্যবসা করলে সেটা তো তাঁরা জানতে পারেন না। জানলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ১৯ নভেম্বর নগরের রামচন্দ্রপুর মহল্লায় গিয়ে জানা গেছে, ঋণের টাকা শোধের চাপে পড়ে দুলারী বেগম ও তাঁর স্বামী বাদশা বাড়িঘর বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জে পালিয়ে গেছেন। একই মহল্লার দুলালের ভাই রাসেল বলেন, তাঁর ভাবি আঞ্জু আরা সুদে টাকা নিয়ে পরিশোধ করতে না পেরে বাড়িঘর ছেড়ে ভাইকে নিয়ে পালিয়ে যান।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নগরের হাদিরমোড় এলাকার একজন নারী এই সুদের টাকা পরিশোধ করতে না পেরে দিশেহারা হয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। ওই নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কিছুতেই এই প্রতিবেদকের সামনে আসতে চাননি। এই সুদের কারবারের সম্মুখভাগে থাকেন নারীরা। তাঁরাই অভাবী পরিবারের নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে এই ঋণের কারবার করে থাকেন। নগরের প্রায় সব মহল্লায় সুদের নারী কারবারি আছেন। গত সোমবার দুপুরে রামচন্দ্রপুরে সাবিহা নামের এক সুদের কারবারিকে বাড়ির দরজার সামনে পাওয়া যায়। তিনি দাবি করেন, এক বছর আগে এই কারবার ছেড়ে দিয়েছেন। এখন কেউ কিস্তি দিতে না পারলে তিনি ৫০০ থেকে এক হাজার টাকা করে ধার দেন।