কক্সবাজারের চকরিয়া পৌরসভার চিরিঙ্গা হিন্দুপাড়ায় এক মহাজনের বাড়িতে গত রোববার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি বন্ধকি স্বর্ণালংকার জব্দ করেছে। গ্রেপ্তার করেছে মহাজন নন্দরাম ধর (৫৫), তাঁর দুই ছেলে পলাশ ধর (৩০) ও সুমন ধরকে (২৮)।
এদিকে বন্ধকি স্বর্ণালংকার জব্দ ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলার আটটি উপজেলায় প্রায় ৬০০ জুয়েলারি দোকানে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবি করেছে। অন্যথায় ধর্মঘট সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
জানা যায়, রোববার রাত একটার দিকে কক্সবাজার বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের নেতৃত্বে যৌথ বাহিনী চকরিয়ার হিন্দুপাড়ার নন্দরাম ধরের বাড়িতে অভিযান চালায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক তাদের সঙ্গে ছিলেন। এ সময় দুটি গুলির শব্দ শোনা যায়। রাত সাড়ে তিনটার দিকে বিজিবির সদস্যরা টাকা, জব্দ করা স্বর্ণালংকারসহ আহত মহাজন নন্দরাম ধরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গতকাল বেলা দুইটার দিকে চকরিয়া থানায় মামলা করেন বিজিবির সুবেদার মোজাম্মেল হক।
এজাহারে উল্লেখ করা হয়, ২৭ কেজি ৭৬৫ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় নয় কোটি টাকা। এ ছাড়া নন্দ মহাজনের বাড়ি থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা, ৭৬৫ গ্রাম রুপা, ১৫টি মুঠোফোন সেট, ছয়টি পাসপোর্ট ও স্বর্ণ বন্ধকি রাখার কাগজপত্র উদ্ধার করা হয়।
চকরিয়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি সুলাল চন্দ্র সুশীল বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে নন্দরাম ধরের বাড়িতে অভিযান এবং তাঁকেসহ তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সমিতির সদস্যরা চকরিয়া থানার সামনে গ্রেপ্তারকৃত তিন স্বর্ণ ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুরু করলে বিজিবির সদস্যরা তাঁদের লাঠিপেঠা করেন। এতে পাঁচ ব্যবসায়ী আহত হন।
গতকাল দুপুর ১২টার দিকে চকরিয়া থানার ওসির কক্ষে এক সংবাদ ব্রিফিং করেন বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। সেখানে তিনি বলেন, নন্দরামসহ তাঁর পরিবারের সদস্যরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। জব্দ পাসপোর্টে নন্দরামসহ পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী দেশে ভ্রমণে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের মানববন্ধনে বিজিবির লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. খালেদ উজ-জামান দাবি করেন, অভিযানে পুলিশের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। বিজিবির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে (মজুতদারি, কালোবাজারি ও চোরাচালান ধারায়) মামলাটি তদন্ত করে ঘটনার রহস্য অনুসন্ধান করা হচ্ছে বলে তিনি জানান।
চকরিয়া পৌরসভার হিন্দুপাড়ায় সরেজমিনে জানা যায়, নিজেদের বাড়ির কাজ চলায় প্রতিবেশী হূদয় রঞ্জন দাশের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন নন্দরাম ধর। বাড়ির তিনতলায় নন্দরাম ধরের বাসায় গিয়ে দেখা যায়, ছয়টি কক্ষের প্রায় সব জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে আছে। আলমারিগুলোও খোলা।
নন্দরাম ধরের স্ত্রী পারুল রানী (৫১) বলেন, বিজিবির সদস্যরা রাত একটার দিকে অতর্কিতভাবে ঘরে ঢোকার চেষ্টা করেন। ঘরে ঢোকার কারণ জানতে চাইলে তাঁর স্বামীর পায়ে গুলি করে দরজা খুলতে বাধ্য করা হয়। বিজিবির সদস্যরা ঘরে ঢুকেই অশালীন ও অসংলগ্ন আচরণ শুরু করেন। তাঁদের দুই পুত্রবধূ এবং নাতনির গলা ও কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, জব্দ করা স্বর্ণালংকার বন্ধকি। এসব স্বর্ণ মহাজনের কাছে বন্ধক রেখে স্থানীয় লোকজন সুদে টাকা নিয়েছেন। এ ব্যাপারে বিপুল পরিমাণ কাগজপত্র ও রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট: বন্ধকি স্বর্ণ জব্দ ও তিন ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে কক্সবাজার জেলার প্রায় ৬০০ জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ঝন্টু ধর বিকেলে সদরের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, নন্দরাম ধর একজন প্রতিষ্ঠিত ও পুরোনো স্বর্ণ ব্যবসায়ী। তিনি বিশ্বস্ত লোক। এ কারণে শত শত লোক তাঁর কাছে স্বর্ণালংকার বন্ধক রেখে টাকা নিয়েছেন। ঝন্টু ধর বলেন, ‘মহাজনি ব্যবসা অবৈধ নয়। বাপ-দাদার আমল থেকে আমরা এই ব্যবসা করছি।’ সমিতির সাধারণ সম্পাদক হাজি ওসমান গণি বলেন, প্রয়োজনে ধর্মঘট সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
চকরিয়া থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত তিন ব্যবসায়ীকে বিকেলে চকরিয়া বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।