মহাজোটের কেউ কেউ বাড়াবাড়ি করছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের ছাতার নিচে থেকে কিছু লোক দলবাজি ও বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আমরা জাসদ মনে করি, আইনের শাসন কায়েমে এসব বাড়াবাড়ি বন্ধ করতে হবে।’
গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে সুধী সমাবেশ ও জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের ক্লাব থেকে বিদায় নিয়েছেন বলেও এ সময় তিনি অভিযোগ করেন।
হাসানুল হক ইনু আরও বলেন, খালেদা জিয়া সেই নেত্রী, যিনি জঙ্গিবাদ সমর্থন করেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করেন ও সাম্প্রদায়িকতায় উসকানি দেন।
বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে ইনু বলেন, ‘আমরা বলব ওরা রাজনৈতিক শয়তানি ছাড়েনি, ক্ষমা চায়নি, তওবা করেনি, ভুল স্বীকার করেনি। সুতরাং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পক্ষের এই রাজনৈতিক শয়তানদের সঙ্গে কোনো মিটমাট হতে পারে না।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় কেন্দ্রীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, জাসদের সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাদিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহত্তর ময়মনসিংহের জাসদ নেতা-কর্মীরা অংশ নেন এ সভায়।