মহাজোট একসঙ্গে দেশ গড়ার কাজ করবে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহাজোট দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছে। আমাদের মহাজোট সরকার এখন ক্ষমতায়। সুতরাং দেশ গড়ার কাজও আমরা ঐক্যবদ্ধভাবেই করব।’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, ১৪ দল, জাতীয় পার্টি এবং মহাজোটের শরিক অন্যান্য দলের সাংসদদের যৌথ সভায় তিনি এ কথা বলেন। মহাজোট নেতাদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, ‘মানুষ যে আস্থা ও বিশ্বাস আমাদের ওপর রেখেছে, তা যেন অটুট থাকে।’ সরকারের ১৭ মাসের উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সব কটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। দেশে খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে আমরা একটি বাজেট দিয়েছি। আরেকটি বাজেট ১০ জুন অর্থমন্ত্রী ঘোষণা করবেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে শিক্ষানীতি ঘোষণা করা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাস্তর নির্ধারণ করা হয়েছে। এ স্তরের শিক্ষার্থীরা বিনা বেতনে শিক্ষা নিতে পারবে।’শেখ হাসিনা বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার-নিপীড়ন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধ্যায় ছিল আতঙ্কজনক। এ অবস্থায় নির্বাচন করে আমরা ক্ষমতায় এসেছি। ক্ষমতায় এসে পেয়েছি অর্থনৈতিক বিশ্বমন্দা। এমনই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটের মধ্যে আমরা দেশ চালাচ্ছি। আমরা চেষ্টা করছি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সঠিক পথে নিয়ে যেতে।’ সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।