মহাজোট ছাড়ার ঘোষণা দু-এক দিনের মধ্যেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই তিনি মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজের যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
এরশাদ জানান, ১৪ দল ও ১৮-দলীয় জোটের বাইরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। এতে ড. কামাল হোসেনও যোগ দেবেন। বিভিন্ন ইসলামি দলেরও যোগ দেওয়ার কথা। এ দলগুলোর সঙ্গে জোট বেঁধে দেশকে রাহুর গ্রাস থেকে তিনি মুক্ত করবেন।
এরশাদ বলেন, ‘একদল তত্ত্বাবধায়ক সরকার চায়, অন্যদল বলে তত্ত্বাবধায়ক দেব না। তাদের ক্ষমতায় যাওয়াই একমাত্র উদ্দেশ্য। তারা কেউ জনগণের কথা ভাবে না। এখন সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা কাজে লাগাব। জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিবেচিত হবে না। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। অশুভ চক্র ভেঙে জাতীয় পার্টি  নির্বাচনে জয়লাভ করবে।’
দুই জোটের সমালোচনা করে এরশাদ বলেন, ‘১৮-দলীয় জোটে কত দল আছে, তারা নিজেরাই জানে না। ১৪ দলে কতগুলো দল আছে, তা তারাও জানে না। এবার আমরা জোট করব এবং এই জোট জয়ী হয়ে সরকার গঠন করবে।’
এরশাদ দাবি করেন, ‘তাঁর শাসনামলে দেলোয়ার হোসেন নামের একজন গাড়িচাপায় নিহত হয়েছিলেন। নূর হোসেন পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। পুলিশ গুলি করলে তো সামনে থেকে গুলি করত।’ তিনি বলেন, ‘আমি দেলোয়ার হোসেনের বাসায় গিয়েছিলাম। নূর হোসেনের বাবাকে প্রতি মাসে টাকা দিতাম। এখন কত লোকের প্রাণহানি ঘটছে, কত মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, কোনো নেতা-নেত্রীকে দেখেছেন তাঁদের পাশে গিয়ে দাঁড়াতে?’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।