মহাজোট থেকে সময়মতো বেরিয়ে যাব: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যার অধীনেই হোক জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে জানিয়ে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, যেহেতু জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে, তাই সময়মতো মহাজোট থেকে বের হয়ে আসবে জাতীয় পার্টি। সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে গতকাল বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে এরশাদ এসব কথা বলেন। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টির অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘নির্বাচনে কে আসল, না আসল—তা জাতীয় পার্টির বিষয় নয়। সাড়ে তিন বছর ধরে বলে আসছি, জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে। এটাই আমার শেষ কথা।’ দলীয় নেতা-কর্মীদের দাবি আগামী জাতীয় নির্বাচনে তিনি (এরশাদ) যেন সিলেট-১ আসনে প্রার্থী হন। এ প্রসঙ্গে জানতে চাইলে এরশাদ বলেন, এ আসনে নির্বাচন করতে পারলে ভালো হতো। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’ জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিতে দল মনোনীত তালিকা প্রসঙ্গে এরশাদ বলেন, সিলেটের জন্য যোগ্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, আতিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।