মহাজোট মহা ব্যর্থ সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, মহাজোট মহা ব্যর্থ সরকার। এই সরকারের দুর্নীতি সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এরা ক্ষমতায় থাকলে দেশে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে এই জালেম সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল বুধবার রাতে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে সমিতির আট সদস্যের একটি দল রাজধানীর গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া আরও বলেন, দেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মহাজোট সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি, প্রতিশ্রুতি ভেঙেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আইনজীবীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে যে টিকতে পারি, তা আপনাদের জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। ভবিষ্যতে সব নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।বিএনপির নেতা-কর্মী কোনো দুর্নীতি করতে পারে না দাবি করে খালেদা জিয়া বলেন, বিএনপির শাসনামলে দেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোনো সরকার করতে পারেনি।তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছিল। এ কারণেই ওই সময়ে কোনো উন্নয়ন সম্ভব হয়নি।