মহাজোট মহাসংকটে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী বলেছেন, ‘মহাজোট মহাসংকটে আছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, মহাজোট এখন ইনটেনসিভ কেয়ারে আছে।’ জাতীয় সংসদে গতকাল বুধবার রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ফজলে রাব্বী চৌধুরী বলেন, মহাজোট জাতীয় পার্টিকে এখনো আস্থায় নেয়নি। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আছে। মহাজোটের কাছে জনগণের প্রত্যাশা আর প্রাপ্তিতে অনেক তফাত আছে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব হয়নি, মূল্যস্ফীতি রোধ করা যায়নি। তিস্তার পানিচুক্তি নিয়ে কূটনৈতিক ব্যর্থতায় মানুষ হতাশ। টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে ক্ষোভ দেখা দিলেও সরকার জোরালো প্রতিবাদ না করায় দেশবাসী হতাশ।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা যখন সীমান্ত হত্যা নিয়ে জোরালো প্রতিবাদ করছি, ভারত যখন ক্ষমা প্রার্থনা করছে, যখন বলছে সীমান্ত হত্যা গ্রহণযোগ্য নয়, সে সময় বিরোধী দল কী করে বলে আমাদের পররাষ্ট্রনীতি নতজানু।’ তিনি বলেন, ‘যাঁরা ভারতে গিয়ে পানির কথা ভুলে যান, সীমান্ত হত্যা নিয়ে জোরালো প্রতিবাদ করেননি, তাঁদের মুখে এসব কথা মানায় না।’জাতীয় পার্টির নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘মহাজোট এখন মহাজটে পড়েছে। এরশাদকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমরা না সরকারি দল, না বিরোধী দল। টিপাইমুখ বাঁধ নিয়ে বন্ধুত্বের খাতিরে যদি নীরব থাকি, তবে ভারত একটির পর একটি বাঁধ দিলে একসময় দেশ মরুভূমিতে পরিণত হবে।’